সোনারগাঁয়ে কারুশিল্প মেলা শুরু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে এই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সাংসদ সিমিন হোসেন রিমি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ। এবারের মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলের ৪৮ জন কারুশিল্পী অংশ নিচ্ছেন। মেলায় বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী পণ্য, যেমন নওগাঁ ও মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের তালপাতার পাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের কাঠের পুতুল, মুন্সিগঞ্জের শীতলপাটি, কুমিল্লার তামা-কাঁসা, রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটা শিল্প প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এবারের মেলায় ১৭২টি চারু ও কারুশিল্পের স্টল বসেছে।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ সিমিন হোসেন রিমি বলেন, গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করছে। গ্রামের খেটে খাওয়া মানুষের তৈজসপত্র ও দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী পণ্য এ মেলায় প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ বলেন, এবারের উৎসবে ‘দেশের গৌরব গাথা, আমাদের নকশিকাঁথা’ শিরোনামে নকশি কাঁথার বিশেষ প্রদর্শনী করা হয়েছে। কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, জামালপুর ও সোনারগাঁ অঞ্চলের নকশিকাঁথার ১২ জন কাঁথাশিল্পী এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। মাসব্যাপী লোকজ উৎসবে প্রতিদিন গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, হাডুডু, ঘুড়ি ওড়ানো, লাঠি খেলাসহ বিভিন্ন খেলাধুলা এবং প্রতিদিন সন্ধ্যায় লোক মঞ্চে জারিসারি, কবিগান, হাসন রাজার গান, লালনগীতি, গায়েহলুদের গান, শিক্ষার্থীদের অংশগ্রহণে লোকজ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। মেলা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন, নারায়ণগঞ্জের ডিসি আনিছুর রহমান মিঞা, ইউএনও আবু নাছের ভূঁঞা প্রমুখ।
পরে সিমিন হোসেন রিমি পানাম নগর পরিদর্শনে যান। সেখানে তিনি ‘আধুনিক প্রযুক্তিতে মাঠপর্যায়ে প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, অতিরিক্ত সচিব রাখী রায় প্রমুখ।