নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকায় মেঘনা নদীর তীরে ফসলি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় গতকাল সোমবার কৃষকদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ২০ জন কৃষক আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসীরা গতকাল ফসলি জমির মাটি কেটে নেওয়া শুরু করলে আশপাশের অন্তত ১০ গ্রামের কৃষক একত্রিত হয়ে নদীর তীরে বিক্ষোভ শুরু করেন। এ সময় সন্ত্রাসীরা প্রথমে শম্ভুপুরার হৃদয় হোসেনকে (২৫) লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সংঘর্ষ শুরু হলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে ও কুপিয়ে কৃষক মাসুম মিয়া, সাদ্দাম হোসেন, কালাম মিয়া, বোরহান উদ্দিন, সবুজ হোসেন, দ্বীন ইসলাম, পনির ভূঁইয়া, শাহজালাল মিয়া, নূর হোসেন, গনি মিয়াসহ ২০ জন কৃষককে জখম করেন। হৃদয়কে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শম্ভুপুরায় মেঘনার তীরবর্তী দড়িগাঁও, শম্ভুপুরা বানিয়াচং, ফরদী, ফতেপুর, গোবিন্দপুরসহ ১০টি গ্রামের কয়েক শ কৃষকের প্রায় পাঁচ শতাধিক বিঘা ধান চাষের জমি রয়েছে। বর্তমান বর্ষা মৌসুমে নদীর এসব জমিতে পানি উঠে নদীর সঙ্গে যুক্ত হয়েছে বলে জমিগুলোকেও নদীর জায়গা মনে হয়। আর এ সুযোগ কাজে লাগিয়ে মেঘনার ঝগড়ারচর নামক বালুমহালের ইজারাদার চাঁদনী ট্রেডার্সের মালিক ও বন্দর উপজেলা জাতীয় পার্টির নেতা চান মিয়া প্রায় এক মাস ধরে কৃষকদের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন কৃষকেরা। একই কাজ করছে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীও। কৃষকদের বিক্ষোভের মুখে গত দুই মাসে কোস্ট গার্ড সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ জন বালু-সন্ত্রাসীকে আটক ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। কিন্তু অবৈধভাবে মাটি কাটা বন্ধ হচ্ছে না।
শম্ভপুরা গ্রামের সালাম মিয়া, মনির হোসেন ও আল আমিন অভিযোগ করেন, গতকাল চান মিয়ার লোকজনই কৃষকদের ওপর হামলা চালিয়েছে। তবে চান মিয়া বলেন, ‘আমি বালুমহালের ইজারার জায়গার সীমানার বাইরে বালু উত্তোলন করতে যাই না। তবে কিছু লোক কৃষকদের মাটি কেটে নিয়ে যাচ্ছে, এ কথা সত্য। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, কৃষকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান কৃষকদের ফসলি জমির মাটি কেটে নেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ইতিমধ্যে মাটি কাটার সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করে জরিমানা করেছি।’