নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকায় মেঘনা নদীর তীরে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদ করায় গতকাল সোমবার কৃষকদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ২০ জন কৃষক আহত হন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসীরা গতকাল ফসলি জমির মাটি কাটা শুরু করলে আশপাশের অন্তত ১০ গ্রামের কৃষক একত্রিত হয়ে নদীর তীরে বিক্ষোভ শুরু করেন। এ সময় সন্ত্রাসীরা প্রথমে শম্ভুপুরার হৃদয় হোসেনকে (২৫) লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। পরে সংঘর্ষ শুরু হলে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ২০ কৃষক আহত হন। হৃদয়কে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শম্ভুপুরায় মেঘনার তীরবর্তী দড়িগাঁও, শম্ভুপুরা বানিয়াচং, ফরদী, ফতেপুর, গোবিন্দপুরসহ ১০টি গ্রামের কয়েক শ কৃষকের প্রায় পাঁচ শতাধিক বিঘা ধািন জমি রয়েছে। বর্তমান বর্ষা মৌসুমে এসব জমিতে পানি ওঠায় জমিগুলোকেও নদীর জায়গা মনে হয়। আর এ সুযোগ কাজে লাগিয়ে মেঘনার ঝগড়ারচর নামক বালুমহালের ইজারাদার চাঁদনী ট্রেডার্সের মালিক ও বন্দর উপজেলা জাতীয় পার্টির নেতা চান মিয়া প্রায় এক মাস ধরে কৃষকদের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছেন। একই কাজ করছে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীও। গত দুই মাসে কোস্ট গার্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ বালু-সন্ত্রাসীকে আটক ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। কিন্তু মাটি কাটা চলছেই।
চান মিয়া বলেন, ‘কিছু লোক কৃষকদের মাটি কেটে নিয়ে যাচ্ছে, এ কথা সত্য। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
সোনারগাঁ উপজেলার ইউএনও মাহমুদ হাসান বলেন, ‘আমরা ইতিমধ্যে মাটি কাটার সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করে জরিমানা করেছি।’