সোনারগাঁয়ে খসে পেড়ছে স্কুলের ছাদের পলেস্তারা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০২ নম্বর চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি শ্রেণিকক্ষের ছাদের বিমের পলেস্তারা খসে পড়েছে। গতকাল রোববার সকালে এ ঘটনার পর উপজেলা প্রশাসন বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে।
এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, গতকাল শ্রেণিকক্ষে পাঠদান শুরুর এক ঘণ্টার মধ্যে চারটি শ্রেণিকক্ষের ছাদের বিমের পলেস্তারা খসে পড়ে। এ সময় আতঙ্কে শিক্ষার্থী ও শিক্ষকেরা কক্ষ থেকে বের হয়ে আসেন। এরপর অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে ফিরে যায়। খবর পেয়ে এলাকাবাসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকৌশলীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে রোদের মধ্যে পাঠদান করা হয়।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান, ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার সময় চার কক্ষের একটি ভবন নির্মাণ করে এলজিইডি। পাঁচ বছর আগে ছাদসহ অন্যান্য অবকাঠামোতে ফাটল দেখা দেয়। চারটি কক্ষের বাইরে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে এ ভবনে এত দিন পাঠদান করানো হচ্ছিল।
সনমান্দি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান শাহাবুদ্দিন জানান, বিদ্যালয়টির একটি নতুন ভবন নির্মাণের জন্য প্রশাসনকে লিখিতভাবে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ইউএনও আবু নাছের ভূঁঞা ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রথম আলোকে জানান, বিদ্যালয়ের ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিকল্প হিসেবে প্রশাসনের পক্ষ থেকে একটি টিনের ঘর করে দেওয়া হবে।