সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার মোদাচ্ছের মিয়ার ছেলে আল আমিন এবং একই উপজেলার বাসিন্দা হাবিবুর রহমান।
প্রত্যক্ষদর্শী কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, রাত ১০টায় কাঁচপুরের পূর্ব বেহাকৈরে অবস্থিত আলীরাজ ওয়ার্কশপ নামে আসবাবপত্র মেরামত কারখানায় কাজ করছিলেন শ্রমিকেরা। গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে আসবাবপত্র মেরামত করার সময় হঠাৎ করে তা বিস্ফোরিত হয়। এ সময় কারখানার শ্রমিক আল আমিন (২৭) ও হাবিবুর রহমান (৪২) এর শরীরে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই আল আমিনের শরীরের ৯০ ভাগ জায়গা পুড়ে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। মারাত্মক আহত অপর শ্রমিক হাবিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
ঢাকার ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা বজলুর রশিদ রাত পৌনে ১২টায় প্রথম আলোকে বলেন, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে ঢাকার রমনা, ডেমরা ও নারায়ণগঞ্জের হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা শ্রমিক আল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত অপর শ্রমিক হাবিবুর রহমানের লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করে কাল রোববার লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর কারখানার মালিক ও অন্যান্য শ্রমিকেরা পালিয়ে গেছে।