সোনারগাঁয়ে চাঁদা তুলে সড়ক নির্মাণ শুরু
৩০ বছর ধরে দুজন নির্বাচিত সাংসদের কাছে সড়ক নির্মাণের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কোরবানপুর গ্রামের বাসিন্দারা অনুরোধ করেছিলেন৷ কিন্তু কোনো কাজ হয়নি৷ অবশেষে গ্রামবাসী চাঁদা তুলে নিজেরাই স্বেচ্ছাশ্রমে গতকাল রোববার সড়কটির নির্মাণ শুরু করেছেন৷
এলাকার অনেকে জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের উন্নয়নবঞ্চিত ও অবহেলিত গ্রাম কোরবানপুর৷ গ্রামটির দিক্ষণে মেঘনা নদী৷ উত্তর-পশ্চিমে তাহেরপুর পাচানী থেকে উপজেলা সদরে যাওয়ার পাকা সড়ক৷ কিন্তু কোরবানপুর থেকে মঙ্গলেরগাঁও বটতলা বাজার পর্যন্ত দেড় কিলোমিটার সংযোগ সড়কটি কাঁচা৷ সামান্য বৃষ্টিতে হাঁটু পর্যন্ত পানি জমে থাকে৷ শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে এ সড়ক দিয়ে এলাকাবাসী চলাচল করতে পারেন না৷
ওই গ্রামের বাসিন্দা আলী মিয়া ও কমল হক জানান, সড়কটি মেরামতের জন্য ৩০ বছর ধরে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে গিয়েও কোনো কাজ হয়নি৷ নির্বাচনের আগে বিএনপি থেকে নির্বাচিত সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী রেজাউল করিম ও আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দেন৷ কিন্তু নির্বাচিত হওয়ার পর তাঁরা দুজনের কেউ তাঁদের কথা রাখেননি৷ ফলে দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ অবশেষে গতকাল গ্রামবাসী দুই লাখ টাকা চাঁদা তুলে ইট কিনে নিজেরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটির নির্মাণকাজ শুরু করেছেন৷
গতকাল সরেজমিনে দেখা যায়, গ্রামের লোকজন ইট দিয়ে সড়কটি নির্মাণ করছেন৷ এ সময় ওই গ্রামের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা যাঁদের ভোট দিয়ে নির্বাচিত করেছি, তাঁরা কেউই কথা রাখেননি৷ বাধ্য হয়ে চাঁদা তুলে সড়ক নির্মাণ করছি৷’
স্থানীয় পিরোজপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, সরকারি বরাদ্দ কম থাকায় এ ইউনিয়নের অনেক গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট এখনো অবহেলিত হয়ে পড়ে আছে৷ জনপ্রতিনিধিরা পাশে না থাকলেও এলাকাবাসী ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু করা সম্ভব৷
এ ব্যাপারে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম বলেন, ‘সড়কটি পাকা না করতে পারলেও আমি মাটির কাজ করেছিলাম৷’
আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘ওই সড়কটি পাকা করার কথা থাকলেও অর্থ বরাদ্দের অভাবে করতে পারিনি৷’