সোনারগাঁয়ে দুই নদের দূষণে ১৫ গ্রামের মানুষের ভোগান্তি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেনিখালী ও আষাঢ়িয়ারচর নদ বিভিন্ন শিল্পকারখানার বর্জ্যে দূষিত হয়ে পড়েছে। নদের পানি ব্যবহার-অনুপযোগী হয়ে পড়ায় আশপাশের ১৫ গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মেনিখালী নদটি মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে শুরু হয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের লঞ্চঘাটে গিয়ে শেষ হয়েছে। আর আষাঢ়িয়ারচর নদটি পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের পাশে মেঘনা থেকে শুরু হয়ে ঝাউচর এলাকায় আবার একই নদীতে গিয়ে শেষ হয়েছে। এ দুটি নদের পারে শম্ভুপুরা, পিরোজপুর, বৈদ্যেরবাজার ও মোগরাপাড়া ইউনিয়নের ১৫টি গ্রাম আছে। এর মধ্যে মনাইরকান্দি, পিরোজপুর, দমদমা, ভবনাথপুর, বিরিষেরগাঁও, সাতভাইয়াপাড়া, দুধঘাটা, আষাঢ়িয়ারচর, ঝাউচর ও নয়াগাঁও গ্রাম অন্যতম। কয়েক বছর ধরে মেঘনা ঘাট শিল্পনগরী এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকার চৈতি কম্পোজিট নামে কারখানার বিষাক্ত বর্জ্যে দুটি নদই দূষিত হয়ে পড়েছে। দুর্গন্ধের কারণে নদ দুটির পাশ দিয়ে চলাচল করাও কষ্টকর। প্রায় প্রতিদিন নদ দুটি থেকে মাছ মরে ভেসে উঠছে। পানি দূষিত হওয়ায় দুই নদের পারের গ্রামগুলোর মানুষ গৃহস্থালির কাজে পানি ব্যবহার করতে পারছে না। অনেকে আবার নদের পানি ব্যবহার করে চর্মরোগসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।
গত শনিবার দুপুরে নদ দুটির পারের অন্তত আটটি গ্রামে গিয়ে দেখা যায়, বিভিন্ন শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য নদ দুটিতে সরাসরি পড়ছে। নদের পানি একেবারেই কালচে হয়ে গেছে। গ্রামগুলোর কৃষকেরা কয়েক বছর ধরে নদের পানি দিয়ে বোরো ধানের জমিতে সেচ দিতে পারছে না।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল হালিম বলেন, ‘শিল্পকারখানাগুলোর বর্জ্যমিশ্রিত পানির দুর্গন্ধে ১৫ গ্রামের মানুষের জীবন অতিষ্ঠ। বিষয়টি আমরা পরিবেশ অধিদপ্তরসহ উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েও কোনো ফল পাইনি। গ্রামবাসীকে সঙ্গে নিয়ে নদ দূষণ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালনসহ উপজেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি।’
স্থানীয় কৃষক নোয়াব হোসেন বলেন, ‘দুটি নদের পানি দিয়ে একসময় আমরা গোসল করতাম, নদ থেকে মাছ ধরে অনেকে জীবিকা নির্বাহ করত। নদের পানি এখন কোনো কাজেই ব্যবহার করতে পারছি না।’
পিরোজপুর ইউপির চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, শিল্পকারখানাগুলোর বিষাক্ত বর্জ্যে মানুষের জীবন এখন অতিষ্ঠ। শিল্পকারখানাগুলো কারও কথাই শুনছে না।
চৈতি কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বলেন, ‘আমাদের কারখানায় ইটিপি প্ল্যান্ট (বর্জ্য শোধনাগার) রয়েছে। নদের পানিদূষণে আমাদের দায়ভার নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে দায়ী শিল্পকারখানাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, ‘বর্জ্যে নদের পানি দূষিত হয়েছে বলে অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’