সোনারগাঁয়ে দুটি সড়কে জলাবদ্ধতা পৌরবাসীর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক দিনের বৃষ্টিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দুটি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে গত রোববার থেকে তিন দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।
সড়কগুলোতে নালা না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার সোনারগাঁ থানার পেছন থেকে দত্তপাড়া পর্যন্ত এবং উদ্ধবগঞ্জ কুশিয়ারা মার্কেট থেকে ষোলপাড়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে। এ ছাড়া সাত বছর ধরে সড়ক দুটি মেরামত না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এদিকে জলাবদ্ধতার কারণে দত্তপাড়া, ভবনাথপুর, ভট্টপুর, ষোলপাড়া, লাহাপাড়া, পানাম গাবতলীসহ ১২ গ্রামের লোকজন পানি ভেঙে কষ্ট করে চলাচল করছেন।
ভবনাথপুর গ্রামের আল ইমরান অভিযোগ করেন, পৌরসভা কর্তৃপক্ষ বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কোনো নালা (ড্রেন) নির্মাণ করেনি। তাই বৃষ্টির পানি সড়কের পাশের গর্ত ও পুকুরে জমতে জমতে সড়কের ওপর উঠে আসছে।
কুশিয়ারা মার্কেটের ব্যবসায়ী মহসিন মিয়া বলেন, নালা না থাকায় এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁইয়া বলেন, পৌরবাসীরা প্রায় প্রতিদিনই সড়ক মেরামত ও জলাবদ্ধতা দূর করার জন্য নালার ব্যবস্থার দাবি জানাচ্ছেন।
ষোলপাড়া গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান অভিযোগ করেন, সাত বছর ধরে তাঁরা সড়ক মেরামত ও নালা নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু মেয়র বারবার আশ্বাস দিলেও কোনো কাজ হচ্ছে না।
পৌরসভার মেয়র সাদেকুর রহমান গত সোমবার বলেন, আগে অর্থ বরাদ্দ ছিল না বলে কাজ করা যায়নি। ইতিমধ্যে নালা নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদারেরা কাজ শেষ করলে লোকজনের আর দুর্ভোগ থাকবে না।