সোনারগাঁয়ে পশুর হাট ইজারায় বিশৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক বিবেচনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যত্রতত্র কোরবানির অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও রাজস্ব আদায়ের নামে হাটগুলো ইজারা নেওয়া হলেও ব্যবসা নিয়ন্ত্রণ করছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আনন্দবাজার ও কাইকারটেক বাজারে দুটি স্থায়ী পশুর হাট থাকার পরেও চলতি বছর কোরবানির পশু বিক্রির জন্য নয়টি অস্থায়ী হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। আরও দুটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
গতকাল রোববার ইউএনওর কার্যালয়ে ডাকে অংশ নিয়ে পিরোজপুর ইউনিয়নের হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চবিদ্যালয় হাট ১৫ হাজার টাকায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চবিদ্যালয় হাট চার হাজার টাকায় জাতীয় পার্টির কর্মী ওয়াকিল উদ্দিন, বৈদ্যেরবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার খেয়াঘাট ২৬ হাজার টাকায় আওয়ামী লীগ কর্মী হাসানুর রহমান, মোগড়াপাড়া ইউনিয়নের সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ ১০ হাজার ৫০০ টাকায় কলেজটির অধ্যক্ষ আশরাফুজ্জামান, নোয়াগাঁও ইউনিয়নের ধন্ধীবাজার ১৪ হাজার ৩০০ টাকায় জাতীয় পার্টির কর্মী মনির ফকির, জামপুর ইউনিয়নের পাকুন্ডা ঈদগাহ মাঠ ১২ হাজার টাকায় ইজারা পেয়েছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ন কবির।
সাদিপুর ইউনিয়নের নয়াপুর খেলার মাঠ, সোনারগাঁ পৌরসভার বালুর মাঠ ও মেঘনা শিল্পনগরী উচ্চবিদ্যালয় দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জেলা প্রশাসক বরাবর আবেদন করে এসব হাটের অনুমোদন পেলেও বিগত কয়েক বছর পশু বিক্রির খাজনা আদায়ের বেশির ভাগ টাকা রাজনৈতিক দলের নেতা ও বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ভাগাভাগি করে নিয়েছেন।
পেচাইন গ্রামের বাসিন্দা মোমেন মিয়া ও শহিদুল্লাহ জানান, উপজেলার দুটি স্থায়ী হাট থাকা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় নামমাত্র মূল্যে এসব হাট বসানোর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, পাশাপাশি অস্থায়ী হাট নিয়ে ইতিমধ্যে নোয়াগাঁও ইউনিয়নে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে।
ইউএনও আবু নাসের ভূঞা জানান, পশুর হাটের ইজারার অনুমোদন দেওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে। পাশাপাশি হাট অনুমোদন দেওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ইতিমধ্যে একটি হাটের ইজারা বাতিল করা হয়েছে। হাটের আয় দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন না করলে প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের কথা বলে আবেদন করে এসব অস্থায়ী হাটের অনুমোদন নেওয়া হয়েছিল। সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এসব হাটের ইজারা নিয়েছেন কি না, তা আমার জানা নেই। রাজনৈতিক বিবেচনায় হাট ইজারা দেওয়া হয়নি।’