নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীরা একে অপরের বিরুদ্ধে বহিরাগত লোকজন এনে ভোটারদের প্রভাবিত এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেছেন। ভোটাররাও বলছেন, এলাকায় অপরিচিত মানুষের আনাগোনা বেড়েছে। এতে করে তাঁরা আতঙ্কে রয়েছেন।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সাদেকুর রহমানের প্রতি ইঙ্গিত করে দলটির মনোনীত প্রার্থী ফজলে রাব্বী বলেন, একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পৌর এলাকার বহিরাগত লোকজন এসে মহড়া দিচ্ছে। তবে তিনি নিজে বহিরাগত কাউকে নিয়ে গণসংযোগ করছেন না বলে দাবি করেন। ফজলে রাব্বী বলেন, ‘দলের স্থানীয় নেতা-কর্মীরাই আমার সঙ্গে যাচ্ছে।’
আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বর্তমান মেয়র সাদেকুর বহিরাগত লোকজন আনার অভিযোগ অস্বীকার করেন। তিনি উল্টো অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের মনোনীত প্রার্থীই বহিরাগত লোকজন জড়ো করেছেন। তাই ভোটারদের পাশাপাশি প্রার্থী হিসেবে আমিও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে আছি।’
এদিকে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন অভিযোগ করলেন, আওয়ামী লীগের মনোনীত ও ‘বিদ্রোহী’ উভয় প্রার্থীই বহিরাগত জড়ো করেছেন। পাশাপাশি পৌর এলাকার বাইরের লোকজন তাঁর পক্ষেও গণসংযোগ করছেন বলে স্বীকার করেছেন তিনি। অবশ্য মোশারফ দাবি করেন, ‘যাঁরা আমার সঙ্গে গণসংযোগ করছেন, তাঁরা সবাই আমার দলের নেতা-কর্মী।’
আরেক স্বতন্ত্র প্রার্থী আজাদ নজরুল বলেন, ‘তিন প্রার্থীর পক্ষেই বহিরাগতরা মাঠে নেমেছে। কিন্তু আমি একাই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছি।’
গতকাল সোমবার প্রচারণার শেষ দিনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে যান এই প্রতিবেদক। এ সময় বিভিন্ন এলাকায় অপরিচিত লোকজনের সন্দেহজনক উপস্থিতি দেখা যায়। এ ছাড়া ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরাও বহিরাগতদের উপস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছেন।
৭ নম্বর ওয়ার্ডের ইছাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ বলেন, নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে ইতিমধ্যে পৌরসভার আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন এনেছেন প্রার্থীরা। এ ছাড়া পার্শ্ববর্তী বন্দর ও আড়াইহাজার উপজেলা থেকেও লোকজনকে সোনারগাঁয়ে আনা হয়েছে। ফলে তাঁরা আতঙ্কিত না হয়ে পারছেন না।
৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নয়ন মিয়া ও মীর আসলাম জানান, প্রতিদিনই তাঁরা এলাকায় অপরিচিত মানুষের আনাগোনা বাড়ার বিষয়টি খেয়াল করছেন।
৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘তিনজন মেয়র পদপ্রার্থী বহিরাগত লোকজন ও সন্ত্রাসীদের এলাকায় ভিড়িয়ে বিভিন্ন স্থানে মহড়া দিচ্ছেন। শেষ পর্যন্ত আমরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারব কি না, তা নিয়ে আশঙ্কায় আছি।’
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বহিরাগত লোকজনকে নির্বাচনী এলাকা ছেড়ে যাওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়ে মাইকিং করা হয়েছে। এরপরও বহিরাগত কেউ এলাকায় অবস্থান করলে তাদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। পুরো পৌর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।