সোনারগাঁয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বিল্লাল হোসেনকে গতকাল শুক্রবার সন্ধ্যায় কুপিয়ে হত্যা করা হয়েছে। পিরবার ও স্থানীয় বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শী পরিবারের সদস্যরা জানান, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বিল্লালের বাড়ি (৬৩) ফতেপুর গ্রামে৷ গতকাল নিজ গ্রামের একটি বািড়তে বিয়ের অনুষ্ঠান থেকে বিকেল পাঁচটার মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী তাঁকে অপহরণ করে আওয়ামী লীগের সদস্য একই গ্রামের শহীদুল্লাহ মিয়ার বাড়িতে আটক রাখে৷ পরে সন্ধ্যা ছয়টার দিকে ওই বাড়ির পাশে ধঞ্চেখেতে কুপিয়ে হত্যা করে৷ রাত ১১টার দিকে সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়৷
বিল্লালের জামাতা মুসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, পাঁচটার দিকে তাঁর শ্বশুর বিল্লাল বিয়ে বাড়ি থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন৷ এর প্রায় আধা ঘণ্টা পর গ্রামবাসীর কাছে জানতে পারেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, শহীদুল্লাহ ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে বিল্লালকে টেনেহিঁচড়ে নিয়ে যায়৷ পরে শহীদুল্লার বাড়ির পাশের ধঞ্চেখেতে তাঁকে কুপিয়ে হত্যা করে৷ তিনি আরও বলেন, তাঁর শ্বশুরকে ধরে নিয়ে যাওয়ার পর তঁাকে উদ্ধারের জন্য পুলিশের কাছে সহযোগিতা চাইলেও পাননি৷
এ বিষয়ে মন্তব্য জানতে আনোয়ার, শহীদুল্লাহ ও বজলুর বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি৷ তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়৷
বিল্লালের মেয়ে বিউটি আক্তার, দুই ছেলে মাসুম হোসেন ও সুমন হোসেন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বশত্রুতার জের ধরে তাঁর বাবাকে হত্যা করা হয়েছে৷
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে রাত ১১টার দিকে ফতেপুর গ্রামে বিএনপির হাজারো নেতা-কর্মী-সমর্থক বিক্ষোভ করেন৷
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নান জানান, বিল্লাল অত্যন্ত জনপ্রিয় ছিলেন৷ এ কারণেই আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাঁকে হত্যা করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, লাশের সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে৷ ময়নাতদন্তের জন্য আজ শনিবার বিল্লালের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে৷ এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে৷