সোনারগাঁয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি আবাসন প্রতিষ্ঠানের বালুর মাঠে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত রোববার রাতে এ ঘটনা ঘটে৷ প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছে বলে ব্যবসায়ীর পরিবার অভিযোগ করেছে।
ব্যবসায়ীর নাম সাধন মিয়া (২২)। তিনি সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে৷ তিনি জমি কেনাবেচার ব্যবসা করতেন৷
পরিবার ও পুলিশ জানায়, সাধন মিয়া গত রোববার দুপুরে বাড়ি থেকে বের হন। রাতেও বাড়ি না ফিরে আসায় পরিবারের সদস্যরা বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানান। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন সোনারগাঁ রিসোর্ট সিটি নামের একটি আবাসন প্রতিষ্ঠানের বালুর মাঠে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন৷ পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ কান্দাগাঁও গ্রামে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাধন মিয়ার মা জয়তুন্নেছা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে তাঁর প্রতিপক্ষ বজলুর রহমান ও ফজলুর রহমানের নেতৃত্বে লোকজন হত্যা করেছে।’
এ বিষয়ে গতকাল সন্ধ্যা সাতটার দিকে একাধিকবার বজলুর রহমান ও ফজলুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়৷
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুব্রত কুমার হালদারের ভাষ্যমতে, ২০১২ সালের ৭ জুন কান্দারগাঁও গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে রিপন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। সাধন মিয়া এ হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। ধারণা করা হচ্ছে, হত্যার প্রতিশোধ নিতেই প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।