সোনারগাঁয়ে ভুয়া দলিল নিবন্ধনের তদন্ত শুরু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জালিয়াত চক্রের সঙ্গে যোগসাজশ করে ২০ কোটি টাকার সম্পত্তির ভুয়া দলিল নিবন্ধন করার ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ভূমি নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক খান মোহাম্মদ আবদুল মান্নানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার লুৎফর রহমান গতকাল বুধবার বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন।
গতকাল প্রথম আলোতে ‘২০ কোটি টাকার সম্পত্তির ভুয়া দলিল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
জেলা রেজিস্ট্রার লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ওই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর মহাপরিদর্শক (নিবন্ধন) খান মোহাম্মদ আবদুল মান্নান ঘটনাটির তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য তাঁকে নির্দেশ দেন। এরপর তিনি তদন্ত শুরু করেছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি কার্যালয়ের যে তিনজন নকলকারককে বহিষ্কার করা হয়েছে, তাঁদের এবং অন্য কর্মচারী ও সাব-রেজিস্ট্রার অহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।