সোনারগাঁয়ে মাদক ব্যবসা বন্ধ করার দাবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক ব্যবসা বন্ধ ও মাদকের আস্তানা উচ্ছেদ করার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। গতকাল রোববার স্থানীয় থানায় আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নির্মূলবিষয়ক এক আলোচনা সভায় তাঁরা উপজেলা প্রশাসনের কাছে এসব দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক৷ এতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান, সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহবুদ্দিন সাবু, বারদী ইউপির চেয়ারম্যান জহিরুল ইসলাম, নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান দেওয়ান উদ্দিন, জামপুর ইউপির চেয়ারম্যান শাহ মুহাম্মদ হানিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন৷
সভায় উপস্থিত মানবাধিকার নেত্রী জাহানারা আক্তার বলেন, সোনারগাঁ থানার আশপাশেই দীর্ঘদিন ধরে বসছে মাদকের হাট। এ এলাকায় মাদক পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। কিন্তু পুলিশ মাদক বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নেকবর হোসেন বলেন, পিরোজপুর ইউনিয়নের সর্বত্র ও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাদক বিক্রেতাদের অত্যাচারে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে৷
সোনারগঁা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক তাঁর বক্তব্যে বলেন, ‘এখন থেকে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম। আগামী ১০ দিনের মধ্যে উপজেলার সব মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হবে।’