সোনারগাঁয়ে যানজটের কারণ অবৈধ ট্রাক ও টেম্পোস্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশের লেনের প্রায় অর্ধেকটা জুড়ে অবৈধ টেম্পোস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজটের। মোগরাপাড়া চৌরাস্তা থেকে গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশের লেনের প্রায় অর্ধেকটা জুড়ে অবৈধ টেম্পোস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজটের। মোগরাপাড়া চৌরাস্তা থেকে গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত মহাসড়কের পাঁচটি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর অবৈধভাবে গড়ে তোলা ট্রাক ও টেম্পোস্ট্যান্ডের কারণে যানজট হচ্ছে বলে অভিযোগ করেছেন দূরপাল্লার যানবাহন চালকেরা।
বাসচালক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত মহাসড়কের কাঁচপুর, মদনপুর, কেওঢালা, জাঙ্গাল ও মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের পশ্চিম প্রান্তের লেনের প্রায় ৫০ ভাগ জায়গা দখল করে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা টেম্পো ও ট্রাকস্ট্যান্ড গড়ে তুলেছেন। পুলিশের চোখের সামনে এসব অবৈধ স্ট্যান্ড থেকে শ্রমিক কল্যাণ তহবিলের নামে রসিদ দিয়ে চাঁদা আদায় করা হয়।
মোগরাপাড়া চৌরাস্তা ও কাঁচপুরে গড়ে তোলা টেম্পো ও ট্রাকস্ট্যান্ডগুলোতে গত বুধবার গিয়ে দেখা যায়, মহাসড়কের ৫০ ভাগ জায়গাজুড়ে অবৈধভাবে গড়ে তোলা ট্রাক ও টেম্পোস্ট্যান্ডগুলোর কারণে এ লেন দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। ঈদে ঘরমুখী মানুষের চাপে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে গত কয়েক দিন ধরে এসব স্ট্যান্ড এলাকায় যানজট বেড়ে যাচ্ছে।
সোহাগ পরিবহনের চালক নুর আলী বলেন, পুলিশের চোখের সামনে অবৈধ এসব স্ট্যান্ডে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে। তারা এসব দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। কাঁচপুর টেম্পোস্ট্যান্ডের সিএনজি অটোরিকশাচালক মনোয়ার হোসেন বলেন, ‘আমরা প্রতিদিন নেতাদের ৮০ টাকা করে দিয়ে এখান থেকে যাত্রী ওঠা-নামার কাজ করি।’
যানবাহন থেকে চাঁদা আদায় করার সঙ্গে জড়িত নয়ন মিয়া নামের এক ব্যক্তি বলেন, ‘আমি মাসিক বেতনে এখানে চাকরি করি। চাঁদার টাকা নেতারা ও পুলিশ ভাগাভাগি করে নেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা জানান, মহাসড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা ট্রাক ও টেম্পোস্ট্যান্ড অপসারণ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, অবৈধ স্ট্যান্ডগুলো সরিয়ে নেওয়ার জন্য পরিবহন চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কোনো অনিয়মের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন তিনি।