সোনারগাঁয়ে লোক কারুশিল্প মেলার উদ্বোধন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
প্রধান অতিথি হিসেবে আসাদুজ্জামান নূর বলেন, ‘সুন্দর দেশ গড়তে সংস্কৃতির বিকল্প নেই। রাজনীতি সংস্কৃতিরই অংশ। সুন্দর দেশ গড়ার জন্যই আমরা সাংস্কৃতিক আন্দোলন করছি।’
ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, মেলায় ১৭২টি চারু ও কারুপণ্যের স্টল বসেছে। পল্লি অঞ্চল থেকে ৪৪ জন কারুশিল্পী মেলায় অংশ নেবেন। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।