সোনারগাঁয়ে লোকজ উৎসব ১৪ জানুয়ারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। গতকাল শনিবার ফাউন্ডেশন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ বলেন, ১৪ জানুয়ারি লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হবে। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মেলা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
পরিচালক আরও বলেন, এবারের উৎসবে ‘দেশের গৌরব গাথা আমাদের নকশি কাঁথা’ শিরোনামে নকশি কাঁথার বিশেষ প্রদর্শনী হবে। কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, জামালপুর ও সোনারগাঁ অঞ্চলের নকশি কাঁথার ১২ জন কাঁথাশিল্পী এ প্রদর্শনীতে অংশ নেবেন।
এ ছাড়া মেলায় দেশের ৪৮ জন কারুশিল্পী প্রদর্শনীতে অংশ নেবেন। সঙ্গে থাকবে দেশের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী পণ্য। যেমন নওগাঁ ও মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের তালপাতার পাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের কাঠের পুতুল, মুন্সিগঞ্জের শীতলপাটি, কুমিল্লার তামা-কাঁসা, রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুপণ্য ও কিশোরগঞ্জের টেরাকোটা শিল্প প্রদর্শনের ব্যবস্থা। এবারের মেলায় ১৭২টি চারু ও কারুশিল্পের স্টল বসবে।
মেলায় মাসব্যাপী লোকজ উৎসবে প্রতিদিন হাডুডু, ঘুড়ি ওড়ানো, লাঠি খেলাসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা হবে। প্রতিদিন সন্ধ্যায় লোক মঞ্চে জারি-সারি, কবিগান, হাসন রাজার গান, লালনগীতি, গায়েহলুদের গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম, প্রদর্শন কর্মকর্তা এ কে আজাদ সরকারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।