সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর ওপর গতকাল রোববার যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীসহ তিনজন নিহত হয়েছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ জানান, গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি কুমিল্লা যাওয়ার পথে মেঘনা সেতুর ওপরে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রবাসী মহসিন মিয়া (৪০) ও তাঁর ভগ্নিপতি তালেব মিয়া (৫৫) মারা যান। মাইক্রোবাসের চালক আবুল হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত মহসিন মিয়া কুমিল্লার মেঘনা উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা এবং তালেব মিয়া একই উপজেলার বড় নয়াগাঁও গ্রামের বাসিন্দা। চালক আবুল হোসেন ঢাকার দক্ষিণখান থানা এলাকার বাসিন্দা।