সোনারগাঁয়ে সম্প্রীতি রক্ষায় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের নিয়ে সভা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার বারদী বাজারে এ সভা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, পিরোজপুর ইউপির চেয়ারম্যান মাসুদুর রহমান, সনমান্দী ইউপির চেয়ারম্যান জাহিদ হাসান, লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সদস্য প্রদীপ কুমার ভৌমিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কিছু উচ্ছৃঙ্খল লোকের উসকানিতে হিন্দুদের বাড়িঘর, মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা কোনো অবস্থাতেই যাতে আর না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। বক্তারা বলেন, সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে মাদকের ভয়াবহতার কারণে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের তালিকা করে ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ দাবি করে।