সোনারগাঁয়ে ১০ গ্রামের কৃষকের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর এলাকার কৃষকদের ফসলি জমির মাটি জোর করে কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করে দেওয়ার অভিযোগে গতকাল রোববার ১০টি গ্রামের কৃষকেরা বিক্ষোভ করেছেন।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা, বস্তল, পেরাব, গজারিয়াপাড়া, দাশেরগাঁও, পাকুন্দা, ব্রাহ্মণবাঘা, বাগবাড়িয়াসহ ১০টি গ্রামের কৃষকের ফসলি জমির মাটি এক মাস ধরে স্থানীয় সন্ত্রাসীরা জোর করে কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে।
পেরাব গ্রামের কৃষক নজরুল ইসলাম, হাফেজ মিয়াসহ সাত-আটজন জানান, প্রতিবছরের মতো এ বছরও এক মাস ধরে সন্ত্রাসীরা তাঁদের এলাকার কৃষকদের ফসিল জমির মাটি জোর করে কেটে নিয়ে ট্রাকযোগে স্থানীয় বিভিন্ন ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। সন্ত্রাসীরা কৌশল করে কিছু কৃষকের জমির মাটি নামমাত্র দামে কিনে এক্সকাভেটরের (মাটি কাটার যন্ত্র) সাহায্যে ২০ থেকে ২৫ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। অনেক স্থানে পুকুরের মতো গভীর করায় পাশের জমি ভেঙে পড়ছে। ফলে পাশের জমির মালিকেরা মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে মাটি বিক্রি না করলেও সন্ত্রাসীরা পাশের ওই জমির মাটি কেটে বিক্রি করে দেয়।
বাগবাড়িয়া গ্রামের কৃষক ইমান আলী ও আলম চান মিয়া জানান, ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে স্থানীয় লাধুরচর গ্রামের নয়ন বাবু, পেরাব গ্রামের বদরুজ্জামান ও পাকুন্দা গ্রামের সাইদুর রহমানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি সিন্ডিকেট এসব মাটি কাটার সঙ্গে জড়িত।
কৃষকদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নয়ন বাবু ও সাইদুর রহমান বলেন, ‘আমরা কৃষকদের ন্যায্যমূল্য দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করি। জোর করে মাটি কাটার সঙ্গে আমরা জড়িত নই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা বলেন, ‘কৃষকদের মাটি জোর করে কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমি অভিযোগ পেয়েছি। শিগগিরই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’