সোনারগাঁয়ের প্রধান সড়কে হাঁটুসমান পানি, ভোগান্তি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রধান সড়ক গ্র্যান্ডট্রাংক সড়কে গতকাল শনিবার বৃষ্টিতে হাঁটুসমান পানি জমে যায়। ফলে দুর্ভোগে পড়ে এলাকাবাসী।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গতকালের বৃষ্টিতে মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার পর্যন্ত উপজেলার প্রধান এ সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। সড়কের হাবিবপুরের জালাল টাওয়ারের সামনে, হাতকোপা ও বৈদ্যেরবাজার এলাকার বিভিন্ন স্থানে বড় বড় গর্তে হাঁটুসমান পানি জমে যায়।
সড়কের বড় বড় গর্তে পানি জমার কারণে গতকাল দিনভর ঘরমুখী মানুষ ভোগান্তির শিকার হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যানবাহন না পেয়ে হাঁটুসমান পানি ঠেলে চলতে দেখা যায়। এ ছাড়া রিকশা ও অটোরিকশায় চলাচল করতে গিয়ে কয়েকজন গর্তে পড়ে আহত হন।
সোনারগাঁ পৌরসভার হাতকোপা গ্রামের বাসিন্দা শ্যামল মিয়া জানান, এ সড়কটি ব্যবহার করে প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সদরের ২৪টি সরকারি কার্যালয়, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করে মানুষ। এ ছাড়া এ সড়কটি ব্যবহার করে বৈদ্যেরবাজার লঞ্চঘাট দিয়ে নৌপথে কুমিল্লার মেঘনা, হোমনা ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের একাংশের মানুষ ঢাকায় যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা প্রথম আলোকে বলেন, ‘উপজেলার প্রধান এ সড়কটি মেরামত করা অত্যন্ত জরুরি। বিষয়টি আমি লিখিতভাবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছি।’