
দেশের পাট খাত ঘুরে দাঁড়াচ্ছে। উৎপাদন বাড়ার পাশাপাশি অনেক নতুন উদ্যোক্তা পাট খাতে বিনিয়োগ করছেন। তবে আন্তর্জাতিক বাজারে পাটের যে সম্ভাবনা আছে, তা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি। এই খাতে বেশ কিছু বাধা আছে, যা দূর করতে পারলে বিশ্ববাজারে বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি আরও বাড়ানো সম্ভব।
গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘পাট উৎপাদন ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো আয়োজিত এ গোলটেবিল বৈঠকে সহযোগিতা করেছে কেয়ার, বাংলাদেশের সুইচ এশিয়া জুট ভ্যালু চেইন ডেভেলপমেন্ট প্রকল্প।
বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, অনেক বছর ধরেই দেশের পাট খাতের বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত চলছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাট খাতের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সরকার বন্ধ পাটকলগুলো চালু করেছে। বহুমুখী পাটপণ্য উৎপাদনে নতুন নতুন প্রকল্প ও উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার সর্বাধুনিক প্রযুক্তির একটি পাটকল স্থাপনের কাজ শুরু করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারে পাটপণ্যের চাহিদা বাড়াতে ছয়টি পণ্যের মোড়ক হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করতে আইন করেছে সরকার। ওই আইন বাস্তবায়নের জন্য যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তা-ও পূরণ হয়েছে। গত বছরের পাটমেলায় ১৩১ ধরনের বহুমুখী পাটপণ্য আনা হয়েছিল। পাটপণ্য রপ্তানিতে ২০ শতাংশ প্রণোদনা সহায়তা দেওয়া হয়েছে। সরকারি ক্রয় বিধিমালায় জিও-টেক্সটাইল কেনার বিধান যুক্ত করা হয়েছে। রাজনৈতিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বাজারে পাটের চাহিদা কমে যাওয়ার পর নতুন বাজার খুঁজে বের করা হয়েছে।
বৈঠকে পাট একটি পরিবেশবান্ধব পণ্য উল্লেখ করে কেয়ার, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জেমি টার্জি বলেন, এই পণ্যের বহুমুখী ব্যবহারে নারীদের সম্পৃক্ত করতে পারলে তা একই সঙ্গে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে।
গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। বৈঠকের শুরুতে দেশে পাট খাতের বহুমুখী ব্যবহার নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

বৈঠকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ুন খালেদ বলেন, দেশের পাট খাতের দুর্দশার প্রধান কারণ ছিল সরকারি নীতির ধারাবাহিকতা না থাকা। পাট খাতে এখন যে সোনালি দিন ফিরে আসতে শুরু করেছে, তাকে টেকসই করতে চাইলে এই খাতের সব পক্ষকে সঙ্গে নিয়ে একটি সমন্বিত পদক্ষেপ নিতে হবে। গণমাধ্যমে পাটজাত পণ্যের প্রচার বেশি করে করতে হবে।
চাষিরা যদি পাট বিক্রি করে ভালো দাম না পান, তাহলে এই খাতের উন্নতি হবে না বলে মত দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নারায়ণ চন্দ্র সরকার। তিনি বলেন, কৃষকের কাছে উন্নত মানের পাটের বীজ সরবরাহ এবং চাষি পর্যায়ে বীজ তৈরিতে উৎসাহ দিতে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। তিনি দেশে পাটবীজের উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দেন।
বহুমুখী পাটপণ্য উৎপাদনে সহায়তাকারী সরকারি সংস্থা জেডিপিসির নির্বাহী পরিচালক নাসিমা বেগম বলেন, আশির দশকে দেশে প্লাস্টিক পণ্য আমদানি বেড়ে যাওয়ায় পাটজাত পণ্যের ব্যবহার কমে যায়। বর্তমান সরকার বহুমুখী পাটপণ্য উৎপাদনে জোর দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, জেডিপিসি থেকে এ পর্যন্ত ৬০০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৩০০ জনই নিজেরা বহুমুখী পাটপণ্যের নকশা করছেন এবং পণ্য প্রস্তুত করছেন।
দেশের পাট খাতে ৫ থেকে ৬ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে বলে জানান ক্রিয়েশন (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল করিম। তিনি বলেন, দেশের পাটকলগুলো এখনো প্রচলিত পাটপণ্য উৎপাদন করে চলেছে। কিন্তু বিশ্বে বর্তমানে ৫০০ বিলিয়ন ডলারের শপিং ব্যাগের বাজার রয়েছে। এই বাজারের ২ শতাংশ যদি বাংলাদেশ ধরতে পারে, তাহলে দেশের পাট খাত তো বটেই, অর্থনীতিও বদলে যাবে।
বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শামস-উজ-জোহা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম যাতে পাটপণ্য উৎপাদন শিল্পে আগ্রহী হয়ে ওঠে, সেই চেষ্টা এখন থেকেই করতে হবে। কিন্তু পাট খাতের উন্নয়নে সরকার যে সিদ্ধান্ত নেয়, তার বাস্তবায়ন খুব ধীরগতিতে হয়। ২০১০ সালে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন হতেই ২০১৪ সাল লেগে গেছে।
এসএমই ফাউন্ডেশন পাট খাতে নতুন উদ্যোক্তাদের আগ্রহী করে তুলতে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানান ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক এস এম শাহীন আনোয়ার।
পরিকল্পনা কমিশনের উপসচিব তপন কুমার নাথ বলেন, ‘পাট-বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে ছিল। কিন্তু তা পাট খাতের উন্নয়নে কোনো ভূমিকা রাখেনি। আমাদের পাট-বিষয়ক একটি নতুন আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলতে হবে।’
রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক (পণ্য) আবদুর রউফ বলেন, ‘আমরা পৃথিবীর সবচেয়ে বেশি পাট উৎপাদনকারী দেশ। কিন্তু পাটের আন্তর্জাতিক বাজার আমাদের নিয়ন্ত্রণে নেই। সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে।’
পাটচাষিরা যে বীজ ব্যবহার করেন, তার ৬৭ শতাংশ আসে ভারত থেকে এবং বাকিটা বাংলাদেশের বলে জানান কেয়ার, বাংলাদেশের ইআরপিপি প্রকল্পের পরিচালক আনোয়ারুল হক। তিনি দেশেই পাটের বীজ উৎপাদনের দিকে নজর দেওয়ার তাগিদ দেন। একই সঙ্গে বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রেখে তাঁদের চাহিদা অনুযায়ী ডিজাইনের পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন এই প্রকল্প পরিচালক।
জনতা জুট মিলের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক বলেন, দেশের পাটের যখন দুর্দিন ছিল, তখন পাটসুতা প্রস্তুতকারী শিল্পগুলো এর হাল ধরেছে। মোটরগাড়ির ড্যাশবোর্ডসহ বিভিন্ন যন্ত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ছে।
বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সচিব এ বারিক খান পাটশিল্পে কম সুদে ঋণের ব্যবস্থা করার তাগিদ দেন।
সুইচ এশিয়া জুট ভ্যালু চেইন ডেভেলপমেন্ট প্রজেক্টের টিম লিডার শেখর ভট্টাচার্য বলেন, পাটশিল্পের সার্বিক বিকাশের জন্য একটি সমন্বয় সংস্থা গঠন করা দরকার।
পাটপণ্য প্রস্তুতকারীদের সংগঠন সুইচ টু জুট কনসোর্টিয়ামের প্রেসিডেন্ট সান্তনা মোমতাজ ডিজাইন ডেভেলপমেন্ট সেন্টার গঠনের পরামর্শ দেন।
রংপুরের পাটপণ্য উৎপাদনকারী মোসাম্মাৎ ফেন্সি বেগম আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সরকারি সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
একই জেলার পাটচাষি আলী হোসেন বলেন, কৃষক যেন পাটের ন্যায্যমূল্য পান, সেদিকে নজর দিতে হবে।