সোনালি ফসলে খাগড়াছড়ির জুম চাষির হাসি
জুমের ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন জুমচাষিরা। ঘরে ঘরে উঠছে জুমের সোনালি ফসল। গত বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা।
খাগড়াছড়ির আলুটিলা, পানছড়ির ঝরনাটিলা, মরাটিলা ও মাটিরাঙার কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায়, জুমের ফসল তুলতে ব্যস্ত সময় পার করছেন জুমচাষিরা। কিছু জুমে ধান কাটা শেষ। কয়েক দিনের মধ্যে অন্য জুমগুলোর ধান কাটা শেষ হয়ে যাবে।
জুমচাষিরা জানান, জুমে ধানের পাশাপাশি লাগানো হয় মরিচ, মারফা (এক ধরনের শসা), ভুট্টা, বেগুন, কচু, আলু, তিল, যব, আদা, হলুদ, সাবারাংসহ (এক ধরনের মসলা) আরও কিছু ফসল। সেপ্টেম্বরে জুমের ধান কাটা হয়। ধান কাটার পর অন্য ফসল তোলা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গত বছর জেলার জুমচাষিরা ২ হাজার ২৭০ হেক্টর জমিতে ধান চাষ করেছিলেন। ফলন হয়েছিল ১.২৪ মেট্রিক টন।
অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছর ২ হাজার ৪৯৬ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর জুমের ফলন ভালো হয়েছে।
খাগড়াছড়ির উত্তর মহালছড়ার জুমচাষি মেঘনাথ ত্রিপুরা বলেন, ‘অন্যদের চাইতে আমার ধানের ফলন কম হয়েছে। কিন্তু গত বছরের তুলনায় এ বছর ফলন হয়েছে ভালো।’
মরাটিলার উসাংপ্রু মারমা ও ডলিপ্রু মারমা বলেন, শুধু ধান নয়, তাঁদের জুমের সব ফসলই ভালো হয়েছে। গত কয়েক বছরে এমন ভালো ফলন হয়নি।
পাগুজ্যাছড়ির জুমচাষি দশরত চাকমা বলেন, ‘কৃষি অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছি। তাদের পরামর্শ মেনে চলায় ফলন ভালো হয়েছে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাগড়াছড়ি কার্যালয়ের প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন গত কয়েক বছরের তুলনায় ভালো হয়েছে।