সোনালী ব্যাংকে নিয়োগে প্যানেলের দাবিতে মানববন্ধন

সোনালী ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে প্যানেল প্রকাশের দাবি জানিয়েছে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা। একই সঙ্গে ওই প্যানেল থেকে নিয়োগের দাবিও জানিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান চাকরি প্রার্থীরা। সোনালী ব্যাংক প্যানেল নিয়োগ বাস্তবায়ন কমিটির ব্যানারে এ মানববন্ধন হয়।
আন্দোলনকারী কয়েকজন প্রার্থী বলেন, ২০১৪ সালের ২৭ জানুয়ারি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ৪৩৫টি, অফিসার ৫৪৭টি ও অফিসার ক্যাশ ৭২৫টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ২২ আগস্ট এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ওই বছরের ১৩ সেপ্টেম্বর লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। এভাবে দীর্ঘ প্রক্রিয়ার পর ২১ জুন চূড়ান্ত ফলাফল প্রকাশ করে ব্যাংকটি।
আন্দোলনকারী চাকরি প্রার্থীদের দাবি, চূড়ান্ত ফলাফলে বিজ্ঞপ্তির চেয়ে কম কর্মকর্তা নিয়োগ দেয় ব্যাংক কর্তৃপক্ষ। সিনিয়র অফিসার পদে ৪০৫ জন, অফিসার পদে ৪৫৭ জন ও অফিসার ক্যাশ পদে ৫৭৪ জনকে নিয়োগ দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, খালি পদগুলো পূরণের জন্য মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে প্যানেল প্রকাশ করে সেখান থেকে নিয়োগ দিতে হবে।