সোনালী ব্যাংকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব
সোনালী ব্যাংকের স্থানীয় শাখা থেকে ঋণের নামে ১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য ওই শাখার ১১ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্তের কাছে এ ১১ জনের তালিকাসহ নোটিশ পাঠানো হয়েছে। ২৮ ও ২৯ অক্টোবর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের হাজির হতে বলা হয়েছে।
ব্যাংকটির স্থানীয় শাখার বৈদেশিক বিনিময় বিভাগের (রপ্তানি শাখা) মহাব্যবস্থাপক এম এ বাতেন, উপ-মহাব্যবস্থাপক হোসনে আরা বেগম, সহাকরী মহাব্যবস্থাপক মো. আমিরুদ্দিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সাখাওয়াত হোসেন খান, জ্যেষ্ঠ কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ও নাজমুল আলমকে ২৮ অক্টোবর দুদকে হাজির হতে বলা হয়েছে।
২৯ অক্টোবর যাঁদের তলব করা হয়েছে তাঁরা হলেন, রপ্তানি শাখার উপমহাব্যবস্থাপক ফারজানা চৌধুরী, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আশরাফুল হায়দার চৌধুরী, কাজী এনামুল হক, জ্যেষ্ঠ কর্মকর্তা মিজানুর রহমান ও সহকারী কর্মকর্তা মমিন ভূইয়া।
দুদক সূত্র জানায়, মতিঝিলে অবস্থিত সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে আমদানি ঋণপত্রের (এলসির) বিপরীতে নেওয়া ঋণ পরিশোধ না করে নয়টি প্রতিষ্ঠান মালামাল ছাড়িয়ে নেয়। নির্ধারিত সময়ে ওই অর্থ পরিশোধ না করায় সেটা ক্ষতি বা আত্মসাৎ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত এভাবে মোট ১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, আলটেক্স ইন্ডাস্ট্রিজ, কেএনএস ইন্ডাস্ট্রিজ, ক্যাংসান ইন্ডাস্ট্রিজ, থারমেক্স টেক্সটাইল মিলস, ইকো কটন মিলস, রহিমা ফুড করপোরেশন, এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস ও পদ্মা পলিকটন নিট ফেব্রিক্স লিমিটেড।
সোনালী ব্যাংকের ছয়টি শাখা থেকে ঋণের নামে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান করছে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল। এ অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংকটির স্থানীয় শাখার ১১ কর্মকর্তাকে তলব করা হয়েছে।
এ শাখা ছাড়াও ব্যাংকটির যেসব শাখার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেগুলো হলো, মতিঝিলে অবস্থিত বৈদেশিক বাণিজ্য শাখা, বঙ্গবন্ধু অ্যাভিনিউ করপোরেট শাখা, চট্টগ্রামের লালদীঘি করপোরেট শাখা, চট্টগ্রামের আগ্রাবাদ করপোরেট শাখা ও নারায়ণগঞ্জ করপোরেট শাখা।