প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর-বেনাপোল সড়কের শার্শা উপজেলার আমড়াখালী তল্লাশিচৌকি (চেকপোস্ট) থেকে এক কেজি ১৬৬ গ্রাম সোনাসহ (১০টি বার) মিথুন (১৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল সোমবার বেলা পৌনে ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের সদস্যরা তল্লাশি চালিয়ে এ সোনা উদ্ধার করেন। মিথুন শার্শার পুটখালী গ্রামের মুস্তাবের ছেলে। বেনাপোল বন্দর থানায় চোরাচালানের একটি মামলা দায়ের করে মিথুনকে পুলিশের কাছে হস্তান্তর ও উদ্ধার করা সোনা সরকারি রাজস্ব শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ২৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার করা সোনার মধ্যে সাতটি বার সুইজারল্যান্ড ও তিনটি দুবাইয়ের। এগুলোর দাম অর্ধ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
যশোর অফিস