আগামী ১ জুন, সোমবার থেকে কলকাতা-ঢাকা-আগরতলা পথে পরীক্ষামূলক বাস চলাচল শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার কলকাতার পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্নে এ কথা জানান, ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে। এই পথে সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ৬ জুন।
এটি হবে প্রথম কোনো সার্ভিস, যা ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে। এর আগে ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা-আগরতলা পথে এবং ১৯৯৯ সালের জুলাই থেকে ঢাকা-কলকাতা পথে বাস চলাচল শুরু হয়। ঢাকা-শিলিগুড়ি পথেও বাস সার্ভিস রয়েছে। সম্প্রতি ঢাকা-গুয়াহাটি পথে পরীক্ষামূলক বাস চলাচল করেছে।
ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে জানান, ২০১০ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন পরিবহনমন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী এই পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছিলেন। পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ১ জুন কলকাতা থেকে বাসটি ঢাকা হয়ে পরের দিন সকালে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছাবে। ৩ জুন আবার এই বাসটি আগরতলা থেকে রওনা হয়ে পরের দিন সকালে কলকাতায় পৌঁছাবে।
ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ পত্রিকা পরিবহনমন্ত্রীর বরাত দিয়ে জানায়, ১ জুন কলকাতার সল্টলেক থেকে সকালে বাস ছাড়বে। ওই দিন ঢাকায় পৌঁছে পরের দিন সকালে ঢাকা থেকে সকাল ১০টা নাগাদ বাস আসবে আখাউড়ায়। এরপর সীমান্ত অতিক্রম করে বেলা ১১টার মধ্যে বাস যাবে ত্রিপুরা পরিবহন নিগমের কৃষ্ণনগর টার্মিনালে।
আগরতলা থেকে গুয়াহাটি হয়ে কলকাতার দূরত্ব প্রায় ১ হাজার ৬৫০ কিলোমিটার। এই পথটি পাহাড়ি। সময় লাগে প্রায় তিন দিন। পক্ষান্তরে আগরতলা-ঢাকা হয়ে কলকাতার দূরত্ব মাত্র ৫১৩ কিলোমিটার। কলকাতা থেকে এই পরিষেবা চালাবে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের লাইসেন্সে শ্যামলী যাত্রী পরিবহন। ঢাকা থেকে বিআরটিসির লাইসেন্সে শ্যামলী পরিবহন এই পরিষেবা চালাবে। কলকাতা ও আগরতলা থেকে এই বাস সপ্তাহে তিন দিন করে চলবে। কলকাতা থেকে বাস ছাড়বে সোম, বুধ ও শুক্রবার। আর আগরতলা থেকে বাস ছাড়বে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার।
কলকাতার শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ গতকাল বলেন, আগামী ৬ জুন থেকে নিয়মিতভাবে শুরু হবে এই পরিষেবা। এক পিঠের ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার রুপি।