সোমবার থেকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টা অবরোধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরকলের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে গতকাল রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি l ছবি: প্রথম আলো
বরকলের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে গতকাল রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি l ছবি: প্রথম আলো

সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের একটি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে রাঙামাটি জেলায় ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের কর্মসূচি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমা এ কর্মসূচির ঘোষণা দেন। আগামী সোমবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলবে। ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনর্নির্বাচন দেওয়ার দাবিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
গত শনিবার রাঙামাটির ৪৯টি ইউপির মধ্যে ৪৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়। ভূষণছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।
তবে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানায়। জনসংহতির অভিযোগ, বিজিবির সহযোগিতায় একদল বহিরাগত ব্যক্তি কেন্দ্র দখল করে ভোট কারচুপি করেছে।
তবে জনসংহতির অভিযোগের বিষয়ে বরকলের হরিণা জোন বিজিবির কমান্ডার লে. কর্নেল শাহাবউদ্দিন ফেরদৌস গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সরকারের অর্পিত দায়িত্ব পালন করেছে বিজিবি। কাউকে চেয়ারম্যান নির্বাচিত করা বিজিবির কাজ নয়।
এদিকে গতকালের সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। তিনি বলেন, শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে সেটেলারদের (পুনর্বাসিত) ছলে-বলে-কৌশলে জনপ্রতিনিধি বানানোসহ ব্যবসা-বাণিজ্যের সুযোগ-সুবিধা দিয়ে চলেছে। অথচ বাঙালি স্থায়ী বাসিন্দাসহ জুম্মদের (পাহাড়ি) ওপর নানাভাবে নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। তিনি বলেন, পার্বত্য চুক্তি সইয়ের ১৯ বছর চলছে। সরকার মুখে চুক্তি বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তা স্থবির করে রেখেছে। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পার্বত্য সমস্যার সমাধান হবে না। ইউপি নির্বাচনে বিজিবির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের কাজ সীমান্ত রক্ষা করা, জোর করে জনপ্রতিনিধি বানানো নয়।’
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় ভূমি ও কৃষিবিষয়ক সম্পাদক চিংহ্লা মং চাক, বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা ও যুব সমিতির রাঙামাটি জেলা সভাপতি টোয়েন চাকমা। সমাবেশ শেষে জিমনেসিয়াম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।