সোমবার ফের শহীদ মিনারে অবস্থান
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা পুনরায় গ্রহণ এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় চার ঘণ্টার অবরোধ শেষে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছে। আগামীকাল সোমবার সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবার তাঁরা অবস্থান করবেন।
শিক্ষার্থীদের পক্ষে আসিফ বিন ত্বাকী নতুন এই কর্মসূচি ঘোষণা করে বলেন, সকল মেডিকেল কলেজ শিক্ষার্থী ও ইন্টার্নরত চিকিৎসকদের আগামীকাল এক ঘণ্টা কর্মবিরতিরও আহ্বান জানিয়েছেন তাঁরা।
প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে ত্বাকী বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তাঁদের বলা হয়েছে, প্রধানমন্ত্রী দেখা করার জন্য সময় দিলে পরে জানানো হবে।
এদিকে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য নামে দুটি জোটের সমন্বয়ক ইমরান হাবীব বলেন, ৭ তারিখে দেশের সব শিক্ষার্থীর সঙ্গে সর্বাত্মক ছাত্র ধর্মঘট করবেন তাঁরা।