পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগে বরগুনা-১ (সদর) আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সাংসদ শওকত হাচানুর রহমানকে নির্বাচন কমিশন (ইসি) এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পরও তাঁরা এলাকা ছাড়েননি। গতকাল সোমবারও দুই সাংসদ বরগুনায় অবস্থান করেছেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলম গত রোববার দুই সাংসদকে এলাকা ছাড়ার নির্দেশ-সংবলিত তথ্য সাংবাদিকদের জানান, দুই সাংসদকে চিঠির মাধ্যমে এ নির্দেশনা দিয়েছে ইসি।
বরগুনা সার্কিট হাউসে কর্মরত একটি সূত্র জানায়, গতকাল সন্ধ্যা পর্যন্ত হাচানুর রহমান সার্কিট হাউসের ভিআইপি কেবিনের ১ নম্বর কক্ষে অবস্থান করেন। সন্ধ্যার পর তিনি সার্কিট হাউস ছেড়ে অন্যত্র চলে যান।
গতকাল রাতে শওকত হাচানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে পাথরঘাটা ও বেতাগীতে যাইনি। আমি ওই এলাকায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন করতে গিয়েছি ঠিকই, কিন্তু তা পৌর এলাকার বাইরে। কিন্তু ইসি আমাকে কেন এলাকা ত্যাগের নোটিশ দিল, বুঝতে পারছি না।’
সাংসদ বলেন, ‘আমি এখন বরগুনা সদরে অবস্থান করছি। এটা আমার নির্বাচনী এলাকা নয়।’ সার্কিট হাউসে থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি সার্কিট হাউসে ছিলাম, এর কোনো প্রমাণ দিতে পারবে না।’
এদিকে জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গতকাল বরগুনায় অবস্থান করেন। দুপুর পর্যন্ত তিনি শহরের পশ্চিম বরগুনা এলাকায় তাঁর কার্যালয়ে ছিলেন। তবে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে গতকাল কোনো সাক্ষাৎ দেননি।
সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে এ বিষয়ে তাঁর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আবদুল মোতালেব মৃধা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নির্বাচনী প্রচার-প্রচারণার শুরু থেকেই বরগুনায় অবস্থান করলেও তিনিই একমাত্র সাংসদ, যিনি কোনো রকমের বিতর্ক ছাড়া এলাকায় অবস্থান করেছেন। এরপরও তাঁর প্রতি ইসি নোটিশ দেওয়ার ঘটনাটি বিস্ময়কর।’
৩ ডিসেম্বর সাংসদ হাচানুর ঢাকা থেকে হেলিকপ্টারে করে বেতাগীতে দলীয় প্রার্থীর মনোনয়নের প্রত্যয়নপত্র নিয়ে আসায় ইসি তাঁকে ৪ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ দেয়। ১৯ ডিসেম্বর পাথরঘাটার ৯ নম্বর ওয়ার্ডের একটি মাদ্রাসায় দলীয় নেতা-কর্মীদের সভা ডেকে ভোট কারচুপির তিন দফা নির্দেশনা দেন—নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মল্লিক মো. আইউব এমন লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে পাথরঘাটার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাখাওয়াত হোসেন তাঁকে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেন।
এ ছাড়া ২২ ডিসেম্বর বরগুনায় জেলা আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা ও সমাবেশে সাংসদ ধীরেন্দ্র দেবনাথের উপস্থিতিতে অন্য নেতারা নৌকা প্রতীকে ভোট চান বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় রিটার্নিং কর্মকর্তা সদর পৌরসভার দলীয় মেয়র প্রার্থী কামরুল আহসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন।