সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। কিন্তু সোর্সরা পুলিশকে ভুল তথ্য নিয়ে অনেক নিরীহ লোককে ফাঁসিয়ে দেন। তাই তাঁদের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় লোকদের নিয়ে মাদকের স্পটভিত্তিক কমিটি গঠন করে অভিযানে নেমেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
সম্প্রতি নগরের ১৬টি থানায় ২৫৮টি মাদক স্পট চিহ্নিত করেছে পুলিশ। প্রতিটি স্পটে স্থানীয় মসজিদের ইমাম, ছাত্র ও শিক্ষকদের নিয়ে ১৫ থেকে ২০ জনের কমিটি গঠন করা হয়েছে। কথিত সোর্সের পরিবর্তে তাঁরাই এখন পুলিশকে খবর দিচ্ছেন মাদকরোধে। লোকজনের মধ্যে সচেতনতা বাড়লে মাদকের বিস্তার রোধ করা যাবে বলে অভিমত সংশ্লিষ্ট ব্যক্তিদের।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে জানান, সোর্সরা পুলিশকে অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকেন। মাদক বিক্রেতাদের সঙ্গে তাঁদের সখ্যেরও অভিযোগ পাওয়া যায়। তাই নগরের ১৬ থানায় স্পটভিত্তিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
বাবুল আক্তার আরও বলেন, ‘আশপাশের কারা মাদক বিক্রি করছে, স্থানীয়রাই ভালো জানেন। তাঁদের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে মাদক রোধ করা সম্ভব না।’
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্দরনগরের অলিগলিতে মাদক বিক্রি ও সেবন চলছে। ইয়াবা, গাঁজা, হেরোইন, কোকেন, ফেনসিডিল ও চোলাই মদ হাতের নাগালে পাওয়া যাচ্ছে। কিন্তু মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না।
পুলিশের তালিকানুযায়ী নগরের ১৬টি থানার মধ্যে সবচেয়ে বেশি স্পট ৫৪টি রয়েছে কোতোয়ালি থানায়। এরপর রয়েছে খুলশীতে ২৬টি, বাকলিয়া ও পাহাড়তলীতে ২৪টি। সবচেয়ে কম স্পট রয়েছে নগরের চকবাজার থানায় তিনটি।
মাদকের থাবায় নষ্ট হচ্ছে যুবসমাজ৷ নষ্ট হচ্ছে পারিবারিক বন্ধনও। নেশার টাকার জন্য মাকে মারধর করছে ছেলে। ১৬ জুন বাধ্য হয়ে ছেলে শওকত আলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন নগরের ফিরিঙ্গীবাজার এলাকার বৃদ্ধ গুলছবা খাতুন। পুলিশকে সোর্সরা প্রকৃত মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য না দিয়ে নিরীহ লোককে হয়রানি করে থাকেন।
৫০ হাজার টাকার চুক্তিতে ৮০টি ইয়াবা বড়ি দিয়ে এক চিকিৎসককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গিয়েছিলেন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সোর্স সেকান্দর ও সাজ্জাদ। গত বছরের ১১ নভেম্বর নগরের জামালখান এলাকায় ওই চিকিৎসকের চেম্বার থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। মোস্তফা এনামুল হক নামের ওই চিকিৎসকের সঙ্গে কিছু লোকের পূর্বশত্রুতা ছিল। এরই জের ধরে দুই সোর্স তাঁর চেম্বারে ইয়াবা ফেলে রেখে পুলিশকে খবর দেন।