শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক মো. সোলায়মানের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরেকটি মামলা হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ গত বুধবার ওই পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলাটি দায়ের করে৷
মামলার বিবরণে বলা হয়, পরিচালক মো. সোলায়মান চট্টগ্রামের মেসার্স জয়নাব স্টিল এবং এর সহযোগী প্রতিষ্ঠান মেসার্স নাসির অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. নাসিরকে মোট ২৫ কোটি টাকার বিনিয়োগ সুবিধা প্রদানে সহায়তা করেছেন। ওই গ্রাহকের কাছ থেকে বিভিন্ন সময় ১০টি চেকের মাধ্যমে সোলায়মানের নিজস্ব প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস করপোরেশনের হিসাবে সাত কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা স্থানান্তর করেছেন বলে তথ্য-প্রমাণ রয়েছে৷
দুদক গত বুধবার সোলায়মানকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। এস কে স্টিল থেকে ৬১টি চেকের মাধ্যমে ১৮ কোটি ৬৮ লাখ টাকা গ্রহণ করাসংক্রান্ত তথ্য-প্রমাণ থাকায় শাহজালাল ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা তাঁর বিরুদ্ধে মামলা করে৷ অভিযোগে বলা হয়, ব্যাংকের পরিচালক হয়ে এস কে স্টিলকে বিনিয়োগ সুবিধা পাইয়ে দিতে প্রভাব বিস্তার এবং তথ্য গোপন করে তাদের ঋণ অনুমোদনের বিষয়ে সুপারিশ করার মাধ্যমে তিনি ব্যাংকের ১৪০ কোটি টাকার ক্ষতি করেন৷