বাংলা নববর্ষে রাজধানীর রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ বিকেল চারটায় বন্ধ করে দেওয়া হবে। এ দুই স্থানে বিকেল পাঁচটার মধ্যে অনুষ্ঠান শেষ করে সবাইকে বেরিয়ে যেতে হবে।
মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গতকাল বুধবার ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মো. মনিরুল ইসলাম অনির্ধারিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, পয়লা বৈশাখ নিয়ে কোনো হুমকি নেই। তবে অতীত অভিজ্ঞতা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন সাধারণ সম্ভাব্য ঝুঁকিগুলো মাথায় রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনামতো বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা তৈরি করে বাংলা নববর্ষের দুই দিন আগে পূর্ণাঙ্গ সংবাদ ব্রিফিং করা হবে।
মনিরুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চারুকলা অনুষদের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। চারুকলার সঙ্গে ডিএমপির বৈঠক হয়েছে। তারা পুলিশকে বলেছে, শোভাযাত্রায় মুখোশ পরা কাউকে অংশ নিতে দেওয়া হবে না। তবে মুখোশ হাতে রাখা যাবে। বাইরে থেকে মুখোশ পরে কেউ যাতে অংশ নিতে না পারে, পুলিশ সেদিকে খেয়াল রাখবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট নিজেদের উদ্যোগে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান চালানোর যে কথা বলেছে, সে ক্ষেত্রে পুলিশের অবস্থান কী হবে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, এটা নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। চারুকলা অনুষদের সঙ্গে সমন্বয় করে পুলিশ ব্যবস্থা নেবে। ভুভুজেলা যারা তৈরি করে, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে অভিযান হবে না। তবে সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্কে ভুভুজেলা নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
নববর্ষের দিন জঙ্গিরা নাশকতা করতে পারে, পুলিশের কাছে এমন তথ্য আছে কি না—এ প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ঢাকা মহানগর এলাকায় কোনো হুমকি নেই। তবে নগরবাসী পুলিশের পরামর্শ গ্রহণ করলে ঝুঁকিমুক্ত পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে নববর্ষ উদ্যাপন করা যাবে।
গত বছর বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে নারী লাঞ্ছনার মামলাটি কী পর্যায়ে আছে, জানতে চাইলে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে আসামি গ্রেপ্তার ও তাদের নাম-ঠিকানা না পাওয়ায় মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল। পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) চিহ্নিত এক আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনুরুজ্জীবিত হয়। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।