সোহাগপুরে বিধবাপল্লিতে নববর্ষ উদ্যাপন করবে গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুরের বিধবাপল্লীতে বীর নারীদের সঙ্গে এবারের নববর্ষ উদ্যাপন করবে গণজাগরণ মঞ্চ। গতকাল রোববার মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আলবদর কমান্ডার কামারুজ্জামানের নেতৃত্বে সোহাগপুরে ১২০ জন পুরুষকে হত্যা করা হয়। ধর্ষণ করা হয় বহু নারীকে। এ নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সোহাগপুর গ্রাম পুরুষশূন্য হয়ে যায়। সেই থেকে সোহাগপুর গ্রামটি বিধবাপল্লি নামে পরিচিত। বিধবাপল্লির নারীরা ৪৪ বছর ধরে স্বজন হারানোর ব্যথা বয়ে চলেছেন, তাঁরা দেখছেন কীভাবে তাঁদের জীবনে বিপর্যয় সৃষ্টিকারী যুদ্ধাপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়িয়েছে, কীভাবে এই ঘাতকেরা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারহীনতার সংস্কৃতির বলি এই নারীরা বুকে পাথরচাপা কষ্ট নিয়ে বিচারের আশায় এতকাল অপেক্ষা করে ছিলেন। অবশেষে গতকাল সেই গণহত্যার মূল হোতা আলবদরের প্রধান কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আগামীকাল পয়লা বৈশাখ একাত্তরের ঘাতকমুক্ত আরও সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় বিধবাপল্লির বীর নারী মুক্তিযোদ্ধাদের সঙ্গে নববর্ষ উদ্যাপনের মাধ্যমে বর্ষবরণকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে চায় গণজাগরণ মঞ্চ।