সোহাগপুরের সেই 'বিধবাপল্লি'তে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কামারুজ্জানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর থাইকা রাইতে ঠিকমতো ঘুমাইবার পাইতাম না। যহন মৃত্যুদণ্ড রায় অয়, তহন আমরা বিরাট খুশি অইছিলাম, কিন্তু হিবার (আবার) রায়ের বিরুদ্ধে আপিল করুনের পর থাইকা মনের মধ্যে সবসুমু একটা দুশ্চিন্তা ছিল। কিন্তু মৃত্যুদণ্ড বহাল থাহুনে হেই ডরডা কাইটা গেছে।’
কথাগুলো হাফিজা খাতুনের (৬০)। গতকাল সোমবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার ঘোষণার পর তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সোহাগপুর গণহত্যায় হাফিজার স্বামী ইব্রাহীমসহ তাঁর পরিবারের সাত সদস্যকে নির্বিচারে হত্যা করা হয়। হাফিজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের-২ সাক্ষ্য দিয়েছিলেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের বেনুপাড়ায় হাফিজার বাড়ি। বেনুপাড়া এখন ‘বিধবাপল্লি’ নামে পরিচিত। একাত্তরে মুক্তিযুদ্ধকালে ২৫ জুলাই আলবদর, রাজাকার ও পাকিস্তানি বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় সেখানে। বেনুপাড়ার সব পুরুষ লোককে (১৮৭ জন) হত্যা করা হয়। সেদিন যে ৫৭ জন নারী বিধবা হয়েছিলেন, তাঁদের মধ্যে হাফিজাসহ ৩১ জন এখনো বেঁচে আছেন। তাঁদের বেশির ভাগই বিধবাপল্লিতে বসবাস করেন।
কামারুজ্জামানের বিরুদ্ধে সাতটি অভিযোগের মধ্যে তৃতীয়টি হলো সোহাগপুরে হত্যাযজ্ঞ ও ধর্ষণ নিয়ে। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছর ৯ মে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
গতকাল রায় ঘোষণার পর সোহাগপুর গ্রামে গিয়ে দেখা যায়, একাত্তরে স্বামীহারা নারীদের চোখ আনন্দাশ্রুতে জ্বলজ্বল করছে। তাঁরা ও গ্রামবাসী রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
আরেক বিধবা করফুলি বেগম (৬৫) বলেন, ‘সাক্ষ্য দেওয়ার পর থাইকা রাতে ঘরের চালে কে বা কারা ডেল মারত। ফাঁসির রায় পুনর্বহাল থাহুনে আমগর মনে স্বস্তি ফিইরা আইছে।’
কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল থাকায় বিধবাপল্লির সবাই আনন্দিত। তাঁরা এখন দ্রুত রায় কার্যকর দেখতে চান বলে জানান শহীদ পরিবারের সন্তান ও বিধবাপল্লি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।
নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহাবউদ্দিন বলেন, এ রায় কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে।