সোহাগী হত্যার বিচারের দাবি সংস্কৃতিকর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে শিল্পকলা একাডেমিতে প্রতিবাদ সমাবেশ করেন সংস্কৃতিকর্মীরা। ছবি: প্রথম আলো
সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে শিল্পকলা একাডেমিতে প্রতিবাদ সমাবেশ করেন সংস্কৃতিকর্মীরা। ছবি: প্রথম আলো

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন নাট্যাঙ্গনের মানুষেরা। তাঁরা বলেছেন, যেকোনো মূল্যেই এই পাশবিকতা ও নির্মম হত্যাকাণ্ডের বিচার সরকারকে করতেই হবে। তনু হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশের নাট্যকর্মীদের আন্দোলন চলতেই থাকবে। তনু হত্যার বিচারের পাশাপাশি দেশের সকল নির্মম হত্যাকাণ্ড ও বর্বরতার দ্রুত বিচারে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বিশ্ব নাট্যদিবস উদ্‌যাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এই দাবি জানান দেশের নাট্যকর্মীরা।
আজ রোববার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সমাবেশ।
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, নাট্যাভিনেতা ইনামুল হক প্রমুখ।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী বলেন, তনু হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের নাট্যকর্মীদের আন্দোলন চলতেই থাকবে। আমরা কোনো হুমকি-ধমকিতে ভীত নই।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, তনু হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দেশের সকল হত্যাকাণ্ড, বর্বরতা ও নৃশংসতার বিচার রাষ্ট্রকে করতে হবে। তিনি আরও বলেন, নারী নির্যাতন থেকে বাংলাদেশের একজন ক্রিকেটার রেহাই পায়নি। সম্প্রতি গৃহকর্মী নির্যাতন ও হত্যার ঘটনায় একজন সংগীত শিল্পীর স্বামীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। সেই শিল্পীর স্বামী ও শিল্পী নিজে যদি দোষী হয়ে থাকে আমরা তাদেরও বিচার চাই। সন্তানহারা মা যেন সঠিক বিচার পায় রাষ্ট্রের কাছে এটাই আমাদের চাওয়া। সব ধরনের বর্বরতা ও নৃশংসতার দূর করতে আসুন আমরা একটি জাতীয় সম্মেলনের আয়োজন করি।
পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা বলেন, তনুকে নিয়ে আজ আমি একটি পথনাটক লেখা শুরু করেছি। প্রায় সিংহভাগ লেখার পর আমার মনে প্রশ্ন জাগছে যেখানে দেশের সাফল্যগাথা নিয়ে নাটক লেখার চিন্তা করেছিলাম সেখানে কেন তনুকে নিয়ে নাটক লিখতে হচ্ছে, পেট্রলবোমায় মানুষ মরছে এসব নিয়ে নাটক লিখতে হচ্ছে। এসব কষ্টের বিষয় নিয়ে নাটক লিখতে গেলে খুবই কষ্ট লাগে। এই বাংলাদেশতো আমরা চাইনি। তনুর হত্যাকাণ্ডের পর প্রশাসন ও গণমাধ্যমের নীরবতা আমাদের নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মীদের স্তব্ধ করে দিয়েছে। মান্নান হীরা আরও বলেন, টেলিভিশনে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন, এ এযাবৎকালের সব হত্যাকাণ্ড-বর্বরতার বিচার হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন কথা শুনে আমি সঙ্গে সঙ্গে টেলিভিশন বন্ধ করে দিলাম। মিথ্যার মধ্যেই আমাদের বসবাস করতে হচ্ছে।
ইনামুল হক বলেন, তনুদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের থিয়েটারের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ ছিল। তাঁর সঙ্গে আমি ছবিও তুলেছি। তাঁর মৃত্যু ব্যক্তিগতভাবে আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমরা তনুসহ দেশের সকল হত্যাকাণ্ডের বিচার চাই।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, তনুর মৃত্যুতে একটি স্বপ্নে মৃত্যু হয়েছে, একটি মানবতার মৃত্যু হয়েছে। যারাই অপরাধ করুক এবং যেখানের মানুষই অপরাধ করুক আমরা অবশ্যই এর বিচার চাই। তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবে আমরা উন্নত হলেও সভ্যতা ও মানবিকতার দিক থেকে আমরা পিছিয়ে পড়েছি। সভ্যতা ও মানবিকতার উন্নয়নে এবং বর্বরতা ও নৃশংসতা বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। মানুষের চিন্তার বিকাশ ও মানবিকতার উন্নয়ন না ঘটাতে পারলে এ দেশ দুর্বৃত্তের দেশে পরিণত হবে। প্রতিবাদসভায় তিনি কাল মঙ্গলবার টিএসসিতে জোটের আয়োজনে প্রতিবাদসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।
ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী বলেন, তনু ছিল আমাদের শিল্পী বন্ধু। আমাদের দেশ উন্নত হচ্ছে এবং আরও উন্নত হবে কিন্তু আমাদের মানবিকতা ও মানসিকতার উন্নয়ন হবে কি না এ নিয়ে আমাদের যথেষ্ট সংশয় রয়েছে। বিশ্বকে আমরা যখন আমরা বলছি ‘আমরা মানবিক’, ঠিক তখনই আমাদের দেশে এসব বর্বর ও নির্মম হত্যাকাণ্ড ঘটছে।
সভাপতির বক্তব্যে আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বলেন, তনু আমার কন্যা, আমার বোন। আমাদের কন্যা ও বোনের জন্য আমাদের যতটা দরদ ও ভালোবাসা রয়েছে তনুর জন্য এবং এ দেশের সকল নারীর জন্য আমাদের ততটুকু দরদ ও ভালোবাসাই থাকা দরকার। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে তনু হত্যাকাণ্ডের বিষয়টি এনে দ্রুত রায় প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান। সকল বর্বরতা ও নৃশংসতা দমন করে মানবিকতার উন্নয়নে দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করার জন্য সরকারের প্রতি তিনি দাবি জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সরকারের সময়ে যদি সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবান করা না হয় তাহলে আমাদের চাওয়ার আর কোনো জায়গা থাকবে না। নিজ নিজ নাট্যদলের নাটক মঞ্চায়নের আগে দুই মিনিট সময় নিয়ে তনুসহ দেশের সকল হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্য সকল নাট্যকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে দেশের অগণিত নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশ শেষে নাট্যকর্মীরা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি শিল্পকলা একাডেমি থেকে কাকরাইল মসজিদ হয়ে বেইলি রোডের মহিলা সমিতিতে গিয়ে শেষ হয়।