সোহাগী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। এসব মানববন্ধন থেকে তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সোহাগী হত্যার বিচার চেয়ে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিজয় ৭১-ভাস্কর্যের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের খুব শিগগির আইনের আওতায় এনে বিচার করতে হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সোহাগী হত্যার ঘটনায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ। আজ দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ-এর সভাপতি আশিকুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি সুশান্ত ওঝাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জবাসী ব্যানারে আজ বিকেল পাঁচটার দিকে শহরের কালীবাড়ী মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সোহাগী হত্যার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাহাড় হাউসের লাগোয়া কালভার্টের কাছাকাছি ঝোপে গত রোববার রাত সাড়ে ১০টায় সোহাগীর লাশ পাওয়া যায়। এ ঘটনায় সোহাগীর বাবা ইয়ার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।