সোহাগী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আজ সোমবার চুয়াডাঙ্গা, নোয়াখালী ও মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

চুয়াডাঙ্গা: সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রথম আলো বন্ধুসভা। সকাল ১০টায় চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।
বক্তারা বলেন, পাশবিক নির্যাতন চালিয়ে যারা তনুকে খুন করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

নোয়াখালী: সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা। বেলা পৌনে ১১টার দিকে প্রথম আলোর নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে শহরের টাউন হল মোড়ে মাইজদী-চৌমুহনী সড়কের পাশে মানববন্ধন করা হয়। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দেয়।
এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে জেলার বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা চৌরাস্তা এলাকায় এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা শহরে নোয়াখালী সরকারি কলেজ ও জিলা স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

মৌলভীবাজার: তনু হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। একটি সামাজিক সংগঠনের উদ্যোগে কুলাউড়া পৌর শহরের রেলস্টেশন চৌমোহনা চত্বরে বেলা ১১টার দিকে মানববন্ধন শুরু হয়। দুপুর ১২টার দিকে জুড়ী উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার চৌমোহনায় ‘জুড়ী উপজেলা সচেতন নাগরিক ও ছাত্রসমাজের’ ব্যানারে মানববন্ধন হয়।
উভয় সভায় বক্তারা তনু হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই দাবিতে জুড়ীতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের স্বাক্ষর সংগ্রহ করা হয়। আয়োজকেরা তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠাবেন বলে জানান।