সোহাগীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে সাতক্ষীরা শহরের স্টেডিয়ামের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা ডে-নাইট কলেজ, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা ‘তনু হত্যার বিচার চাই’, ‘তনু আমার বোন’, ‘সমাজকে নিরাপদ করো, মা-বোনকে রক্ষা করো’ প্রভৃতি স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
পরে শিক্ষার্থীরা সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে গ্যালারিতে বসেও তনু হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।