সোহেল মাহফুজের তিন সহযোগী রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরকের জোগানদাতা সোহেল মাহফুজের সঙ্গে গ্রেপ্তার হওয়া তাঁর তিন সহযোগীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহিদুল ইসলাম এ রায় দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া ওই তিনজন হলেন নব্য জেএমবির সামরিক শাখার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামের জামাল ওরফে মোস্তফা (৩৪), নব্য জেএমবির তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও শিবগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের হাফিজুর রহমান ওরফে হাসান (২৮) ও বিশ্বনাথপুর কাটিয়াপাড়া গ্রামের নব্য জেএমবির সদস্য জুয়েল ওরফে ইসমাইল (২৬)।
গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পুষ্কনি এলাকার একটি আমবাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সোহেল মাহফুজকে ঢাকায় আনা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পরেই সোহেল মাহফুজকে কাউন্টার টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনকে সাত দিন করে রিমান্ডে নিতে আজ আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।