সাভারে নকশাবহির্ভূতভাবে রানা প্লাজা নির্মাণের অভিযোগে সোহেল রানাকে বাদ দিয়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ দুদক গতকাল বৃহস্পতিবার বিকেলে এই মামলা করার অনুমোদন দেয়৷
দুদক স্বপ্রণোদিত হয়ে ইমারত নির্মাণ বিধিমালার আওতায় এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়৷ অনুসন্ধান শেষে ১৯৪৭ সালের আইনের ৫(২) ধারায় ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলার অনুমোদন দিয়েছে কমিশন৷
সোহেল রানাকে বাদ দিয়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য। অথচ রানা প্লাজা ধসের পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ইমারত নির্মাণ বিধিমালায় সাভার মডেল থানায় যে মামলাটি করে তাতে একমাত্র আসামি ছিলেন সোহেল রানা৷ তিনি ভবনটির মালিক হিসেবে পরিচিত৷ তিনি বর্তমানে কারাগারে আছেন৷
জানতে চাইলে আইনজ্ঞ ড. কামাল হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সোহেল রানাকে বাদ দিয়ে মামলা করা হলে সবার মনে প্রশ্ন আসবে, তদন্তকাজ সঠিকভাবে হয়নি৷ এ ক্ষেত্রে আরও কার্যকর ও বিস্তারিত পদ্ধতিতে তদন্ত করে নিশ্চিতভাবে পর্দার ওপারের দোষীদের আইনের আওতায় আনতে হবে৷
গত বছরের ২৪ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে৷ ওই ভবনে পাঁচটি তৈরি পোশাক কারখানা ও দোকান ছিল৷ ভবনটি ধসে ১১ শতাধিক মানুষ প্রাণ হারান৷ যাঁদের বেশির ভাগই পোশাকশ্রমিক৷ রানা প্লাজা ধসের পর অভিযোগ ওঠে, ছয়তলার অনুমোদন নিয়ে ভবনটি নয়তলা করা হয়েছে৷ রানা প্লাজা ধসের ঘটনায় রাজউকের একটিসহ মোট পাঁচটি মামলা হয়৷ রাজউকের করা মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত (সিঅাইডি) বিভাগ৷ পাশাপাশি দুদকও এ ঘটনায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়৷
এই অনুসন্ধানের তদারকির দায়িত্বে থাকা দুদকের পরিচালক উইং কমান্ডার তাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, রানা প্লাজার নির্মাণ-সংক্রান্ত কাগজপত্র অনুযায়ী ওই ভবনের জমি ও ভবনের যৌথ মালিক হচ্ছেন সোহেল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা বেগম৷ এ কারণে এ েক্ষত্রে সোহেল রানাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুদক আইনে যোগসাজশের বিষয়টি থাকলেও এ ক্ষেত্রে যোগসাজশ ধারায় রানাকে আইনি প্রক্রিয়ায় আনা সম্ভব নয়৷ জায়গা ও ভবনের মালিকই হচ্ছেন শেষ পর্যন্ত সুবিধাভোগী, তাই জায়গা ও ভবনের মালিকদের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে।
দুদকের সূত্রমতে, যে ১৭ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন সোহেল রানার বাবা ও মা, সাভার পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. আলী, স্থপতি এ কে এম মাসুদ রেজা, পৌরসভার মেয়র রেফায়েত উল্লাহ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান, রাকিবুল হাসান রাসেল, ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক আবদুল মোত্তালিব, সাবেক সচিব মর্জিনা খান প্রমুখ৷
নিয়ম না মেনে ভবন নির্মাণ-সংক্রান্ত এ অভিযোগের অনুসন্ধান করেছেন দুদকের উপপরিচালক এম এম মফিদুল ইসলাম ও সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম।
চলতি বছরের ২৩ এপ্রিল দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, রানা প্লাজা ধসে পড়া নিয়ে সিআইডি ও দুদক তদন্ত করছে। তদন্তকাজ দ্রুত করার জন্যই সিআইডির সঙ্গে দুদক যোগাযোগ রেখে কাজ করছে। আসামিরা যাতে কোনো সুযোগ নিতে না পারেন, সে কারণে দুটি সংস্থাই একসঙ্গে তদন্ত প্রতিবেদন পেশ করবে। তিনি আরও জানিয়েছিলেন, সোহেল রানার বাবার সম্পদের হিসাব পাওয়া গেলেও সোহেল রানা কারাগারে আটক থাকায় তাঁর সম্পদের বিবরণী দুদক পায়নি।