রানা প্লাজা ধস: বিধিবহির্ভূতভাবে নকশা অনুমোদন
সোহেল রানাকে বাদ দিয়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা
বিধিবহির্ভূতভাবে ভবনের নকশা প্রস্তুতকরণ, অনুমোদন, নির্মাণ ও পোশাক কারখানা স্থাপনের অভিযোগে সাভারের রানা প্লাজার মালিক হিসেবে পরিচিত সোহেল রানাকে বাদ দিয়ে থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ গতকাল রোববার সাভার মডেল থানায় এ মামলা করা হয়৷
গত বৃহস্পতিবার ওই অভিযোগে সোহেল রানাকে বাদ দিয়ে মামলা করার অনুমোদন দিয়েছিল দুদক৷
গতকাল মামলাটি করেন দুদকের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম৷ মামলায় সোহেল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা বেগমসহ ১৭ জনকে আসামি করা হয়েছে৷ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলাটি করা হয়৷
মামলার অপর আসামিরা হলেন সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী খান, স্থপতি এ টি এম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী রকিবুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, সাবেক শহর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোতালিব, পৌরসভার সাবেক সচিব আবুল বাশার ও মর্জিনা খান, ফ্যান্টম অ্যাপারেলস অ্যান্ড ফ্যান্টম টেক লিমিটেডের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, নিউ ওয়েব বটমস ও নিউ ওয়েব স্টাইলের ব্যবস্থাপনা পরিচালক বজলুস সামাদ এবং ইথারটেক্সের চেয়ারম্যান মো. আনিসুর রহমান৷
এদিকে দুদকের মামলায় রানার বাবা এবং মাকে ভবন ও জমির মালিক হিসেবে উল্লেখ করা হলেও ভবনের স্থানে রানারও ১৮ শতাংশ জমি ছিল বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে৷ জেলা প্রশাসন ওই জমি বাজেয়াপ্ত ঘোষণা করে গত এপ্রিল মাসেই নোটিশ ঝুলিয়ে দেয়৷
মামলার পর বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আক্তার বলেন, বিশ্বের অন্যতম ভয়াবহতম এই ভবনধসের ঘটনায় মূল হোতা সোহেল রানাকে বাদ দিয়ে দুদকের করা মামলাটি আসলে তাঁকে রক্ষায় সরকারের একটি কৌশল৷ রানা নিজেও জমির মালিক ছিলেন৷ তাই মামলা থেকে তাঁকে বাদ দেওয়ার সংগত কোনো কারণ নেই৷
মামলার অভিযোগে বলা হয়, আবদুল খালেক ও মর্জিনা বেগম সাভার বাসস্ট্যান্ড এলাকার মজিদপুরে তাঁদের মালিকাধীন ৫০ শতাংশ জমিতে বহুতল মার্কেট নির্মাণে তন্ময় হাউজিং নামের এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন৷ সে অনুযায়ী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী সাইফুল ইসলাম স্থপতি এ টি এম মাসুদ রেজাকে দিয়ে ছয়তলা ভবনের নকশা তৈির করে তা অনুমোদনে জন্য সাভার পৌরসভায় আবেদন করেন৷ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী খান তাতে সুপারিশ করেন৷ আনুষ্ঠানিকতা শেষে মেয়র রেফাত উল্লাহ ২০০৬ সালের ১৪ এপ্রিল আবেদনটি অনুমোদন করেন৷ নির্মাণকাজ শেষে আবদুল খালেক ভবনটি ব্যবসায়ী ও পোশাক কারখানা মালিকদের কাছে ভাড়া দেন৷ পরবর্তী সময়ে ২০০৮ সালের ২২ জানুয়ারি তিনি ভবনটি ১০ তলা পর্যন্ত সম্প্রসারণ করতে পৌরসভা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন৷ এ আবেদনেও সুপারিশ করেন কাউন্সিলর মোহাম্মদ আলী৷
দুদকের অভিযোগে আরও উল্লেখ করা হয়, ছয়তলা ফাউন্ডেশন দিয়ে নির্মিত ভবনের ওপর আরও চার তলার অনুমোদন দেওয়ার বিধান না থাকলেও দ্বিতীয় দফা আবেদনের পর সাভার পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা তথ্য গোপন করে ১০ তলা ভবনের নকশা অনুমোদন করেন৷ এর পর ভবনটি ছয়তলা থেকে নয়তলা পর্যন্ত বাড়ানো হয়৷ এ ছাড়া শপিং কমপ্লেক্স হিসেবে অনুমোদন নিয়ে নির্মাণকাজ শেষে পৌরসভা অবৈধভাবে ওই ভবনে পাঁচটি পোশাক কারখানা স্থাপনের অনুমতি দেয়৷ এ কারণে ভবনের বিভিন্ন তলায় জেনারেটরসহ ভারী যন্ত্রপাতি স্থাপন করা হয়৷ এসব অনিয়মের ধারাবাহিকতায় ভবনটি ধসে হতাহতের ঘটনা ঘটে৷
গত বছরের ২৪ এপ্রিল সকালে নয়তলা রানা প্লাজা ধসে ১১ শতাধিক লোক প্রাণ হারান৷ আহত হন আরও দুই সহস্রাধিক লোক, যাঁদের বেশির ভাগই পোশাককর্মী৷
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল রানাকে বাদ দিয়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন৷