সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ বিধিমালায় করা মামলায় অবশেষে ওই ভবনের কর্ণধার সোহেল রানাকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে। ওই অভিযোগপত্রে ১৮ জন আসামির মধ্যে সোহেল রানার নামও রয়েছে।
সাভার মডেল থানায় গত ১৫ জুন দুদকের করা মামলায় সোহেল রানাকে বাদ দিয়ে ১৭ জনকে আসামি করা হয়েছিল। তাঁকে বাদ দিয়ে মামলা করায় তখন ব্যাপক সমালোচনা হয়েছিল। এখন ওই ১৭ জনের সঙ্গে অভিযোগপত্রে তাঁর নামও অন্তর্ভুক্ত করা হলো।
সোহেল রানার নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করার বিষয়টি গতকাল প্রথম আলোকে নিশ্চিত করেন অনুসন্ধান তদারকির দায়িত্বে থাকা দুদকের পরিচালক উইং কমান্ডার তাহিদুল ইসলাম।
এ বিষয়ে দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন বলেন, চুলচেরা বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করেই সোহেল রানাকে এ মামলায় আসামি করা হয়েছে। মামলা করার আগে তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। কারণ, রানা প্লাজার নির্মাণসংক্রান্ত কাগজপত্রে ওই ভবনের জায়গা ও ভবনের যৌথ মালিক হচ্ছেন সোহেল রানার বাবা ও মা। তাই ওই সময় সোহেল রানাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু বিস্তারিত তদন্তে দেখা গেছে, প্রভাব খাটিয়ে সোহেল রানাই ওই ভবন নির্মাণ করেছেন এবং তিনিই বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে সুবিধাভোগী ছিলেন। তাই তাঁকে অভিযোগপত্রে তদন্তে আগত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রভুক্ত অপর ১৭ জন হলেন সোহেল রানার বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী খান, স্থপতি এ কে এম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, পৌরসভার মেয়র রেফাত উল্লাহ, পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, সাবেক নির্বাহী প্রকৌশলী রকিবুল ইসলাম, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, সাবেক শহর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক আবদুল মোত্তালিব, পৌরসভার সাবেক সচিব আবুল বাশার ও মর্জিনা খান, রানা প্লাজায় থাকা পোশাক কারখানা ফ্যান্টম অ্যাপারেলসের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, নিউ ওয়েব বটমসের ব্যবস্থাপনা পরিচালক বজলুস সামাদ, ইথারটেক্সের চেয়ারম্যান মো. আনিসুর রহমান।
নিয়ম না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগের অনুসন্ধান করেন দুদকের উপপরিচালক এম এম মফিদুল ইসলাম ও সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় সাভার থানায় গত ১৫ জুন মামলাটি করে দুদক।
গত বছরের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যান্ডের কাছে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। ওই ভবনের তৃতীয় থেকে নবমতলা পর্যন্ত পাঁচটি পোশাক কারখানা ছিল। ওই ঘটনায় এক হাজার ১৩৬ জন মানুষের প্রাণহানি হয়, যাঁদের বেশির ভাগই নারী পোশাককর্মী।