ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা, সরকারি কর্মকর্তাসহ দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা এবং শ্রম আইনে শ্রমিকস্বার্থবিরোধী সব ধারা পরিবর্তনের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শ্রমিকনেতা ও কর্মী, রানা প্লাজা ধসের ঘটনায় আহত শ্রমিক এবং নিহত শ্রমিকদের স্বজনেরা এতে অংশ নেন।
ধসে পড়া সেই ভবনের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখ্তার, রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক মিনহাজুল হক, দপ্তর সম্পাদক মুসা কলিমুল্লাহ, সংগঠনের রানা প্লাজা শাখার সদস্যসচিব আলম মাতব্বর প্রমুখ।
তাসলিমা আখ্তার বলেন, রানা প্লাজা ধসের ৩৪ মাস পার হয়েছে। আর মাত্র দুই মাস পর তিন বছর পূর্তি হবে। কিন্তু এখন পর্যন্ত রানা প্লাজার ধ্বংসাবশেষ রক্ষণাবেক্ষণ ও শ্রমিকদের স্মৃতির উদ্দেশ্যে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণে সরকার কোনো উদ্যোগ নেয়নি। বরং কারখানার সামনে স্তূপ করে রাখা লোহা-লক্কড়সহ ধ্বংসাবশেষ উজাড় করার পাঁয়তারা চলছে। তিনি বলেন, ভবনধসের সব আলামত দিনদুপুরে গায়েব হয়ে যাচ্ছে।
মিনহাজুল হক বলেন, এত দিনেও দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা হয়নি। শ্রম আইনে শ্রমিকস্বার্থবিরোধী কোনো ধারা পরিবর্তন করা হয়নি। সরকার ও মালিকপক্ষ অনেক আশ্বাস আর কথার ফুলঝুরি ছড়ালেও দুর্ঘটনা রোধে যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি।
নিহত শ্রমিক রাজীবের বাবা সত্যজিৎ দাস বলেন, ‘আমরা আর আশ্বাসের বাণী শুনতে চাই না। আমাদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করার পাশাপাশি আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। অন্যথায় আমরা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।’