সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার করে ভবনের নকশা প্রস্তুত ও অনুমোদনের অভিযোগে করা মামলায় সাভারের ধসে পড়া রানা প্লাজার কর্ণধার সোহেল রানা, তাঁর বাবা-মাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে দুদকের উপপরিচালক মফিদুল হক এই অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রভুক্ত অন্য ১৭ আসামি হলেন সোহেল রানার বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. আলী খান, স্থপতি এ কে এম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসেন, পৌরসভার মেয়র রেফাত উল্লাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, সাবেক নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপসহকারী রাকিবুল হাসান, সাবেক শহর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক আবদুল মোত্তালিব, পৌরসভার সাবেক দুই সচিব মর্জিনা খান ও আবুল বাশার, রানা প্লাজায় থাকা পোশাক কারখানা ফ্যান্টম অ্যাপারেলসের চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম, নিউ ওয়েভ বটমস লিমিডের ব্যবস্থাপনা পরিচালক বজলুল সামাদ ও ইথার টেক্স লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমান।
আসামিদের মধ্যে সোহেল রানা, রফিকুল ইসলাম, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম কারাগারে আছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পরের সহযোগিতায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারার অপরাধ করেছেন। সোহেল রানা ও তাঁর মা-বাবা এবং পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে অবৈধভাবে ক্ষমতা ব্যবহার করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে নকশা অনুমোদন ও গার্মেন্টস ব্যবসা পরিচালনার অভিযোগ আনা হয়েছে।