সোয়া ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
শিল্পকারখানার জন্য জমি কেনা ও বিদেশে লোক পাঠানোর নাম করে এবং বাবা-ছেলেকে জিম্মি করে একটি প্রতারক চক্র তাঁদের কাছ থেকে ৩ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার চারজন হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাওয়া মাঝিয়ান গ্রামের জয়বার আলী (৩৬), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই গ্রামের জিয়াউল হক ওরফে বুলু চৌধুরী (৫৪), ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নৃত্যনন্দনপুর গ্রামের আনিছুর রহমান ওরফে সাগর (৪০) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর গোপালগঞ্জ মধ্যপাড়া গ্রামের বাচ্চু খলিফা (৩৫)।
‘প্রতারণার শিকার’ বাবা-ছেলে হলেন ঘোড়াঘাট উপজেলার শ্যামপুর গ্রামের জহুরুল ইসলাম (৫৭) ও শামছুজ্জামান মানিক (৩৬)। এ ঘটনায় ছেলে শামছুজ্জামান বাদী হয়ে ৬ সেপ্টেম্বর ১৭ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় ওই মামলা করেন।
এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দূরসম্পর্কের আত্মীয় জয়বার আলী গত জানুয়ারি মাসে চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের শাহ আলমকে শিল্পপতি হিসেবে জহুরুলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। শাহ আলম ঘোড়াঘাটে কয়েকটি কারখানা স্থাপনের জন্য সাড়ে চৌদ্দ বিঘা জমি কেনার প্রস্তাব দেন। এ জন্য জহুরুল ও তাঁর ছেলে শামছুজ্জামানকে ১০ লাখ টাকা বায়না দেন। এর মধ্যে শাহ আলম বলেন, তাঁরা বিদেশে লোক পাঠান। জয়বার আলীর আশ্বাসে শাহ আলমের প্রস্তাবে রাজি হন জহুরুল ও শামছুজ্জামান। তাঁরা সুদানে ২৮ জনকে পাঠানোর জন্য গত মার্চে শাহ আলমকে নগদ ১ কোটি ৪০ লাখ টাকা দেন। কিন্তু টাকা নেওয়ার পর লোক পাঠাতে না পারায় শাহ আলমের কাছে টাকা ফেরত চান। শাহ আলম টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত ৩০ মে বাবা-ছেলেকে প্রথমে ঢাকায় এবং পরে চট্টগ্রামের আগ্রাবাদের ভাই ভাই বিপণিবিতানে ‘প্রতারক চক্রের আরেক সদস্য’ মো. হাফিজের ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়ে যান। ওই প্রতিষ্ঠানে শামছুজ্জামান ও জহুরুল ইসলামকে ২২ জুন পর্যন্ত অস্ত্রের ভয় দেখিয়ে আটকে রাখা হয়। এ সময় একজন অস্ত্রধারী যুবক সব সময় তাঁদের পাহারায় থাকতেন। এ সময়ের মধ্যে চার দফায় বিরামপুরের ইসলামী ব্যাংক শাখা থেকে ব্র্যাক ব্যাংকের বন্দরতলী এবং আগ্রাবাদ শাখার মাধ্যমে শামছুজ্জামান ও জহুরুলের আরও ১ কোটি ৯৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। এ ছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে ইসলামী ব্যাংক বিরামপুর শাখার ২ কোটি ৬০ লাখ টাকার একটি ও ২ কোটি ৬৪ লাখ টাকার আরেকটি চেকে তাঁদের সই নেয় প্রতারক চক্র। সেই সঙ্গে চক্রটি ছয়টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়ে বাবা-ছেলেকে ২২ জুন ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পর শামছুজ্জামান ইসলামী ব্যাংকে তাঁদের হিসাব থেকে সব ধরনের লেনদেন বন্ধ করে দেন। এদিকে ৫ কোটি ২৪ লাখ টাকার দুটি চেক থেকে টাকা তুলতে না পেরে বাবা-ছেলের বিরুদ্ধে চট্টগ্রামের ব্যবসায়ী হাফিজ উকিল নোটিশ পাঠান। গত ১১ আগস্ট ওই নোটিশ পান শামছুজ্জামান।
এ বিষয়ে গত বৃহস্পতিবার জানতে চাইলে শামছুজ্জামান মানিক প্রথম আলোকে বলেন, উকিল নোটিশ পাওয়ার পর তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করেন। পরে তাঁদের পরামর্শে তিনি ৬ সেপ্টেম্বর ১৭ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় মামলা করেন। মামলাটি ওই দিনই দিনাজপুর ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবির উপপরিদর্শক (এসআই) বজলুর রশীদ বলেন, মামলার পর রাতে অভিযান চালিয়ে বাচ্চু খলিফাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর রাত পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও দিনাজপুরে অভিযান চালিয়ে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। শাহ আলমসহ প্রতারক চক্রের বাকি সদস্যরা সবাই পলাতক। গ্রেপ্তার হওয়া চারজন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ১০ সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করলে দিনাজপুর আমলি আদালত-৭-এর বিচারক কৃষ্ণ কমল রায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে ঈদের ছুটির কারণে তাঁদের রিমান্ডে নেওয়া হয়নি। আগামীকাল রোববার থেকে রিমান্ড শুরু হবে।