সোয়াইন ফ্লুতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। রোগটি সেই অর্থে এখন আর ‘প্রাণঘাতী’ নয় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইইডিসিআরের প্রধান মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রোববার পর্যন্ত বাংলাদেশে যে দুজন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন, তাঁরা সুস্থ হয়ে উঠছেন। রোগটির উপসর্গ আর সব ইনফ্লুয়েঞ্জা জ্বরের মতোই। পাঁচ থেকে সাত দিনের মধ্যে এমনিতেই এই জ্বর ভালো হয়ে যাওয়ার কথা। তবে জ্বরের সঙ্গে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে রোগটির মোকাবিলা জটিল হতে পারে।
পত্রপত্রিকায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর এলেও তিনি আসলেই এ রোগে মারা গেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করেছেন আইইডিসিআরের প্রধান।
সোয়াইন ফ্লুর কারণ এইচ১এন১ ভাইরাস। প্রাথমিকভাবে শূকর থেকে এ ভাইরাসের সংক্রমণ ঘটে।
ভারতের রাজস্থান, গুজরাটসহ বেশ কিছু জায়গায় সম্প্রতি সোয়াইন ফ্লুতে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এর কারণ ব্যাখ্যা করে মাহমুদুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, ভাইরাসটি তার ধরন কিছুটা বদলে ফেলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ২০০৯ সালে যখন বিশ্বব্যাপী সোয়াইন ফ্লু মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছিল, তখনও ভারতের এ জায়গাগুলোতেই প্রাণহানির ঘটনা ঘটে। সে সময় বাংলাদেশেও সোয়াইন ফ্লুতে আটজন মারা যান। তবে তাদের অন্য রোগও ছিল।’
বাংলাদেশে সোয়াইন ফ্লু প্রতিরোধে আইইডিসিআর ছয় হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছে। ওষুধের পর্যাপ্ত জোগান আছে। পরীক্ষাগারও প্রস্তুত রাখা আছে। ভারতে সোয়াইন ফ্লু বিস্তারের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিকবার বৈঠক করেছে। বন্দরগুলোয় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া থার্মাল স্ক্যানার ব্যবহার করে বিদেশ থেকে আসা ব্যক্তিদের জ্বর পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
আইইডিসিআর জানায়, সোয়াইন ফ্লুর সংক্রমণ এড়াতে ভালোভাবে হাত ধোয়া, হাঁচি-কাশির সময় রুমাল ব্যবহার করা খুব জরুরি। বাংলাদেশে সাধারণত এপ্রিল-মে মাসে ফ্লুর বিস্তার হয়। এর আগে প্রয়োজনে ভ্যাকসিন নেওয়া যেতে পারে। এতে এ মৌসুমে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না। তবে ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে শুধু এ বছরই। গর্ভবতী নারী, শিশু, বয়স্ক ও ধারাবাহিক জটিল রোগে ভোগা মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।