পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটে ৫০ জনের সঙ্গে আরও ২০ সদস্য যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এতে সোয়াট জঙ্গি দমনে বিশেষ ভূমিকা রাখবে।
গতকাল সকালে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের (পিওএম) মিরপুর পুলিশ লাইনসে নতুন সোয়াট সদস্যদের (স্পেশাল উইপনস অ্যান্ড টেকনিকস) সনদ বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন। সোয়াটের কায়দায় ২০ পুলিশ সদস্যকে এক মাসের প্রশিক্ষণ শেষে ডিএমপি কমিশনার গতকাল তাঁদের মধ্যে সনদ বিতরণ করেন এবং সোয়াটে নিয়োগ দেন। এ সময় প্রত্যেক প্রশিক্ষককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। প্রশিক্ষণ নেওয়া দুজনকে সেরা শুটার (পিস্তল) নির্বাচিত করে তাঁদের ১০ হাজার টাকা এবং সম্মাননা স্মারক দেওয়া হয়। এর আগে মহড়ার মধ্য দিয়ে ২০ সোয়াট সদস্যের প্রশিক্ষণ শেষ হয়।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, গুলশানে জঙ্গি হামলার পর সোয়াটের প্রয়োজনীয়তা অনুধাবন করা গেছে। এর পরিপ্রেক্ষিতে সোয়াট সদস্যদের সক্ষমতা বাড়াতে এই ২০ জনকে প্রশিক্ষিত করে তোলা হয়েছে। বাংলার মাটিতে কোনো জঙ্গির অবস্থান হবে না। সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি ওয়াং, ডিএমপির অতিরিক্ত কমিশনার শাহাবউদ্দিন কোরেশী, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটি (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম ও পিওএমের যুগ্ম কমিশনার ইমতিয়াজ আহমেদ।