বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গতকাল মঙ্গলবার সংগঠনটির একটি প্রতিনিধিদল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এবং পরিষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় এমজেএফের পরিচালক শামীম ইমাম বলেন, ২০০৫ সাল থেকে রাঙামাটি জেলায় বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে শিক্ষা ও প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এমজেএফ। এ সময় এমজেএফের কর্মসূচি সমন্বয়ক ওয়াসিউর রহমান, উপকর্মসূচি ব্যবস্থাপক নিখিল চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা রহিম ও সান্ত্বনা চাকমা, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিনহিলের কর্মসূচি সমন্বয়ক লাল চুয়াক লিয়ানা পাংখোয়া ও এইচএসডিওর চেয়ারপারসরন মো. ফারুক উপস্থিত ছিলেন।