সৌদি আরব নয়, দুর্ঘটনায় প্রাণ হারিয়ে মর্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের উদ্দেশে সকাল ১০টায় উড়বে উড়োজাহাজ। তাই গতকাল রোববার ভোর ছয়টায় রাজধানীর ফকিরাপুলের হোটেল থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য দুই স্বজনসহ অটোরিকশায় রওনা হয়েছিলেন আজিবুন্নেসা (৪৫)। কিন্তু প্রায় সিকি কিলোমিটার যাওয়ার পর কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে অটোরিকশার সঙ্গে মিনিবাসের সংঘর্ষে প্রাণ হারান আজিবুন্নেসা। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনায় আহত হন আজিবুন্নেসার দেবর মাসুদ রানা (৪০) ও ননদ সেলিনা বেগম (৩৫) এবং অটোরিকশার চালক মোতালেব হোসেন (৩৫)। এঁদের মধ্যে মাসুদ ও সেলিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মোতালেবকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মাসুদ রানা বলেন, সৌদি আরবে যাওয়ার উদ্দেশে সুনামগঞ্জের শ্রীনাথপুর থেকে গত শনিবার ঢাকায় এসে ফকিরাপুলের একটি হোটেলে ওঠেন আজিবুন্নেসা। তিনি (মাসুদ) ও সেলিনা এগিয়ে দিতে এসেছিলেন তাঁকে। গতকাল সকাল ১০টায় তাঁর ফ্লাইট ছিল। এ জন্য ভোর ছয়টার দিকে ফকিরাপুল থেকে বিমানবন্দরে যেতে তিনজন অটোরিকশায় ওঠেন। কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পথচারীরা দোমড়ানো অটোরিকশা থেকে তাঁদের উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নেয়। সেখানে চিকিত্সক আজিবুন্নেসাকে মৃত ঘোষণা করেন।
মাসুদ রানা বলেন, কয়েক বছর আগে আজিবুন্নেসার স্বামী আবদুর রহিম মারা যান। স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে টাকা ধার নিয়ে সৌদি আরবে কাজ করতে যাচ্ছিলেন আজিবুন্নেসা।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মিনিবাসটি গুলিস্তানের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে গুলিস্তানে গিয়েও মিনিবাসটি শনাক্ত করা যায়নি। সেটি শনাক্ত করে এর চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।